
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন বলেছেন, প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থায় উদ্ভাবন একটি গুরুত্বপূর্ণ বিষয়। উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা বিনির্মাণে শিক্ষকদেরকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে তাদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। আর এক্ষেত্রে বিশ্ববিদ্যালগুলোকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে 'ইন্টিগ্রেশন অফ টেকনোলজি ইন টিচিং লার্নিং প্রসেস ইনাউগুরাল সেশন' বিষয়ের ওপর এ কর্মশালার আয়োজন করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। এতে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তাজিজুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, প্রক্টর, পরিচালক, দপ্তর প্রধানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন নেটওয়ার্কিং এন্ড আইটি অফিসের পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের বিভাগীয় প্রধানরা প্রশিক্ষণ গ্রহণ করেন।




