
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণিল আয়োজনে দ্বি-বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-১ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের পতাকা রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান ও ক্রীড়া পতাকা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ব্যবস্থাপনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. ফাহিমা খানম উত্তোলন করেন।
এরপর অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ শেষে মার্চ পাস্ট, মশাল প্রজ্জ্বালন, বেলুন ও ফেস্টুন উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, বিভিন্ন শাখার পরিচালক, হল সুপার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারিরা।
এতে সভাপতিত্ব করেন শরীরচর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ রচনার যে রূপকল্প ঘোষণা করেছেন, সেটা বাস্তবায়নে হাবিপ্রবি পরিবার একাত্ম আছে।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ভালো ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে চাই। এই পদক্ষপের অংশ হিসেবেই সহশিক্ষা কার্যক্রম বিশেষ করে খেলাধুলাসহ সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগিতার উপর আমরা সমান গুরুত্ব দিচ্ছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে পারবে।
প্রতিযোগিতা শেষে বিকেল ৪টার দিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য।




