ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দেশের ৩.৪৫ শতাংশ ঘোড়ার মধ্যে প্রাণঘাতী গ্ল্যান্ডার্স জীবাণুর উপস্থিতি: গবেষণা 

আর এস মাহমুদ হাসান, বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১১:৩৮ পিএম
ছবি : আরটিভি

বিশ্বে ঘোড়ার সংখ্যা ৫৯ মিলিয়ন হলেও বাংলাদেশে ঘোড়ার সংখ্যার বিশ্বাসযোগ্য কোনো পরিসংখ্যান নেই। ধারণা করা হয় এই সংখ্যা কয়েক লাখ। মূলত দুর্গম চরাঞ্চলে পরিবহন কাজে ঘোড়ার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়া ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও ঘোড়ার গাড়িতে চড়ে বিনোদন ভ্রমণে অশ্বের ব্যবহার লক্ষ্যণীয়।

বাংলাদেশের ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, ফরিদপুর, রাজবাড়ি, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রচুর অশ্বের দেখা পাওয়া যায়। তবে তা সুনির্দিষ্ট কোন জাতের নয়। ছোট আকারের এসব ঘোড়াকে দেশি ঘোড়া বলা হয়। এছাড়া মাড়ওয়ারি, এরাবিয়ান সহ কিছু বিদেশি জাতের ঘোড়াও দেখতে পাওয়া যায়।

আধুনিক জীবন যাপনের ফলে ঘোড়ার কদর কমার সাথে সাথে আমাদের দেশেও পূর্বের তুলনায় ঘোড়ার সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। তবে এখনও বাংলাদেশ পুলিশ একাডেমি ও বাংলাদেশ সেনাবাহিনীর অশ্বারোহী সৈনিক শাখায় বেশ কিছু উন্নত জাতের ঘোড়া রয়েছে। ঢাকার রাজারবাগ পুলিশ লাইন ও সাভার সেনানিবাসের রিমাউন্ট ভেটেরিনারি ও ফার্ম ডিপোতে বেশ কিছু উন্নত জাতের ঘোড়া রয়েছে। তাছাড়া চট্টগ্রামের বাংলাদেশ মিলিটারি একাডেমি ও রাজশাহীর সারদা পুলিশ একাডেমির রাইডিং স্কুল, ঢাকার পূর্বাচলে রাইডিং ক্লাব ও ময়মনসিংহে বাণিজ্যিক হর্স ফার্ম রয়েছে। এসব স্থানে বিভিন্ন জাতের উন্নত ঘোড়া রয়েছে। দেশে এখনও জামালপুর ও কক্সবাজারে ঘোড়া কেনাবেচার হাট রয়েছে।

গ্ল্যান্ডার্স ঘোড়ার একটি অতিপ্রাচীন ও মারাত্মক ছোঁয়াচে জুনোটিক রোগ। এই রোগ ঘোড়া থেকে মানুষে সহজে ছড়াতে পারে। বাংলাদেশে গ্ল্যান্ডার্সের উপস্থিতি নির্ণয় এবং কোন কোন ফ্যাক্টর এ রোগের ঝুঁকি সৃষ্টিতে ভূমিকা রাখে তা জানার জন্য ২০১৯ সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একই বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম আনিসুর রহমানের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত কর্ণেল পলাশ কুমার ভট্টাচার্য একটি গবেষণা কর্ম পরিচালনা করে আসছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বাকৃবির মেডিসিন কনফারেন্স রুমে কর্ণেল পলাশ কুমার ভট্টাচার্য তার পিএইচডির সেমিনারে এই গবেষণা সংক্রান্ত তথ্য উপাত্ত তুলে ধরেন।

এই গবেষণার আওতায় ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম ও চট্টগ্রাম জেলায় প্রতিপালিত ৭৫৩ টি ঘোড়া হতে নমুনা সংগ্রহ করা হয়। এ সকল নমুনা বাকৃবির মেডিসিন বিভাগের ল্যাবরেটরি, জার্মানির ফ্রেডেরিখ লোফলর ইনস্টিটিউট (FLI) এবং ভারতের ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ ইকুয়াইন (NRCE) এ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়। এ কাজে ঐ প্রতিষ্ঠান দুটোর বিজ্ঞানী যথাক্রমে ড. হেনরিখ নইবার ও ড. হরিশংকর সিংহ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও গবেষণা সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান বলেন, গ্ল্যান্ডার্স রোগটি পশ্চিমা বিশ্ব থেকে নির্মূল হলেও এখনও মধ্যপ্রাচ্যসহ এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এ রোগের উপস্থিতি বিদ্যমান। আমাদের প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও পাকিস্তানে এ রোগের প্রকোপ রয়েছে। এসকল দেশে ২০০৬ সাল থেকে এ রোগের পুনরুত্থান (Re-emergence) ঘটেছে। আমাদের প্রতিবেশী দেশের সাথে ৪০০০ কিলোমিটারের অধিক স্থল সীমান্ত রয়েছে যার অনেক স্থান সুরক্ষিত নয়। ফলে এ সীমান্ত এরিয়া দিয়ে প্রায়শই অননুমোদিতভাবে অশ্ব সহ বিভিন্ন ধরনের প্রাণী চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ করে৷ ফলে প্রাণীর সাথে সাথে ঐ প্রাণীর রোগসমূহও দেশে চলে আসে। তাই এদেশের ঘোড়ার মধ্যে গ্ল্যান্ডার্সের উপস্থিতি থাকা স্বাভাবিক। তবে ইতিপূর্বে বাংলাদেশে এ রোগের উপস্থিতি আছে কিনা তা নিয়ে কোন গবেষণাকর্ম পরিচালিত না হওয়ায় এ সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়নি, যা শুধু প্রাণী স্বাস্থ্যই নয়, জন স্বাস্থ্যের ক্ষেত্রেও মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।

বাকৃবি থেকে পরিচালিত গবেষণা অনুযায়ী ময়মনসিংহ, টাঙ্গাইল ও জামালপুর হতে সংগৃহীত নমুনায় গ্ল্যান্ডার্স এর উপস্থিতি পাওয়া গেছে। গবেষণা মোতাবেক শতকরা ৩.৪৫ ভাগ ঘোড়ার মধ্যে এ রোগের জীবাণুর উপস্থিতি দেখা গেছে। গবেষণায় পুরুষ ঘোড়ার মধ্যে গ্ল্যান্ডার্সে আক্রান্তের হার বেশি। গবেষণা অনুযায়ী যে সকল ঘোড়ার বয়স ৬ বছরের বেশি এবং গাড়ি টানায় ব্যবহৃত হয় সে সকল ঘোড়া এই রোগে বেশি আক্রান্ত। প্রাপ্ত ফলাফলে আরও দেখা গেছে, এই রোগে আক্রান্ত অশ্বের রোগ সম্পর্কিত লক্ষণের উপস্থিতি ন্যূনতম অর্থাৎ রোগটির জীবাণু অশ্বসমূহে সুপ্ত অবস্থায় ছিল।

গবেষক কর্ণেল পলাশ কুমার ভট্টাচার্য বলেন, গবেষণার আওতায় পরিচালিত একটি জরিপে দেখা গেছে, ঘোড়া পালনে সরাসরি জড়িত বেশিরভাগ মানুষের এ রোগ সম্পর্কে ধারণা নেই। বিশেষত স্বল্প শিক্ষিত ঘোড়া পালকগণের অধিকাংশই এ রোগ সম্পর্কে অবগত নন এবং এ বিষয়ে সচেতন নন। এমনকি কোন ছোঁয়াচে রোগ হলে যে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হয় সে সম্পর্কে তারা ওয়াকিবহাল নন। এই রোগের জীবাণুর নাম Burkholderia mallei যা আমেরিকান রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (CDC) কর্তৃক ক্যাটাগরি বি (B) জৈব সন্ত্রাসী উপাদান হিসেবে তালিকাভুক্ত।

এ রোগের জীবাণু যুদ্ধ ক্ষেত্রে বায়োলজিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহৃত হওয়ার নজির আছে। এ পর্যন্ত বিভিন্ন যুদ্ধ বিশেষ করে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভিন্ন দেশের সেনাবাহিনী এই জীবাণু ব্যবহার করেছে। এ রোগে আক্রান্ত হলে মানুষ ও ঘোড়ার মৃত্যুর সম্ভাবনা ব্যাপক কেননা এ রোগের চিকিৎসা এখনও পর্যন্ত অপ্রতুল। এ অবস্থায় জনস্বাস্থ্যের ঝুঁকি লাঘবে জরুরি ভিত্তিতে জাতীয় পর্যায়ে যথাযথ পরিকল্পনা গ্রহণ করত ৪-৫ বছর মেয়াদি মনিটরিং এবং সার্ভিল্যান্স কর্মসূচি গ্রহণ জরুরি। এছাড়া সরকারি উদ্যোগে বড় পরিসরে এ রোগ নিয়ে আরও গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে গ্ল্যান্ডার্স প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, গ্ল্যান্ডার্স ঘোড়া থেকে মানুষ ও অন্যান্য প্রাণীতে ছড়াতে পারে। এই রোগে আক্রান্ত হলে জ্বর, চামড়ায় মারাত্মক ক্ষত, সন্ধিস্থল ফুলে যাওয়া, শ্বাস কষ্ট, রোগা হয়ে যাওয়া, কাশি, নাক দিয়ে ঘন শ্লেষ্মা নির্গত হওয়া, চামড়ায় এলার্জির মত নডিউল হওয়া ইত্যাদি দেখা যায়। তবে ঘোড়া এই রোগের জীবাণু দীর্ঘদিন সুপ্ত অবস্থায় রোগের লক্ষণ প্রকাশ ছাড়া অবস্থান করে রোগ ছড়াতে পারে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ
দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে প্রকাশ করেছে শিক্ষাবর্ষ ২০২৪-২৫ ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি।  পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে দেখে নিন বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের পরীক্ষার দিনক্ষণ: আরটিভি/এমএ/এস  
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ
প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ
২০২৫ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় সাপ্তাহিক ছুটির বাইরে ৭৬ দিন বন্ধ থাকবে। সোমবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ২০২৫ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. মিরাজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ মার্চ থেকে পবিত্র রমজানের ছুটি শুরু হবে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এরপর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৪ দিন স্কুল ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ২২ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার ৭ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে। এদিকে, বরাবরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে। আরটিভি/এসএপি
প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ
জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেওয়ার বিষয়ে জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বৈঠকে সিদ্ধান্ত নেবো। বৈঠক চলমান রয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেওয়ার পর সরকারের পক্ষ থেকে কিছু দিনের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেছেন। তাতে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে আখ্যায়িত করে এর ‘কবর’ রচনা করা এবং ‘নাৎসিবাদী আওয়ামী লীগকে’ বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা থাকবে। আরটিভি/কেএইচ
জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
ফের ৪৩তম বিসিএসের প্রজ্ঞাপন, আরও ১৬৮ প্রার্থী বাদ
৪৩তম বিসিএসে নিয়োগের জন্য গত ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে আবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন আরও ১৬৮ জন প্রার্থী। সোমবার (৩০ ডিসেম্বর) এই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে যোগ দিতে হবে। এর আগে, গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখান থেকে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়লেন ১৬৮ জন। বাদ পড়া ১৬৮ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের ২৬ , পররাষ্ট্র ক্যাডারের ৩ এবং পুলিশের ৮ জন বাদ পড়েছেন। প্রসঙ্গত, ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়লেন মোট ২৬৭ জন। আরটিভি/কেএইচ
ফের ৪৩তম বিসিএসের প্রজ্ঞাপন, আরও ১৬৮ প্রার্থী বাদ
সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয় সমকক্ষ’ করতে বিশেষজ্ঞ কমিটি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহীনুর ইসলাম জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ’ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ দিতে চার সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটি আগামী চার মাসের মধ্যে নির্ধারিত কাজ শেষ করবে। সোমবার (৩০ ডিসেম্বর)  সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চার সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে। আর সদস্য হিসেবে আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান। কমিটি গঠনের আদেশে বলা হয়েছে, ইউজিসির ওপরে এ কমিটির সাচিবিক দায়িত্ব ন্যস্ত থাকবে। তা ছাড়া প্রয়োজন অনুযায়ী উচ্চশিক্ষার প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞকে কমিটিতে সদস্য হিসেবে সংযোজন করতে পারবে। প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। রাজধানীর এই সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি।  এর ফলে এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছিল। তবে নানা সমস্যার কারণে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেছেন। পরে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবি যাচাইয়ে একটি কমিটি গঠন করে। কিন্তু শিক্ষার্থীরা তাতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অবশেষে ৬ নভেম্বর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন আপাতত স্থগিত করেন।  আরটিভি/কেএইচ
সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয় সমকক্ষ’ করতে বিশেষজ্ঞ কমিটি
আরও পড়ুন
বন্য খেজুর থেকে ভিনেগার উৎপাদনে সফল বাকৃবির গবেষক দল
মৃত মানুষকে জীবিত করতে যাচ্ছে বিজ্ঞানীরা!
জানালা বন্ধ রাখলে ঘরের দূষণ ৬৮ শতাংশ বন্ধ করা যায়: গবেষণা
গবেষণা-প্রবন্ধ রচনায় মাসে ৩০ হাজার টাকা বৃত্তি দেবে বাংলা একাডেমি