
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটাকে কবর দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা৷ তবে তারা জানাজার নামাজ পড়েননি।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে সিনেট ভবন প্রাঙ্গণে কবর দেওয়া হয়। তারা জানান, অবৈধ কোনো কিছুর জানাজা তারা পড়াবেন না।
এর আগে শহীদ মিনার চত্বর থেকে পোষ্য কোটার প্রতীকী মরদেহ নিয়ে জোহা চত্বর অভিমুখে জানাজার উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা। পরে উপস্থিত শিক্ষার্থীরা জানাজার নামাজ না পড়ার সিদ্ধান্ত নেন।
শিক্ষার্থীরা কোটা না মেধা, মেধা মেধা; পোষ্য কোটা নিপাত যাক, মেধাবীরা সুযোগ পাক; জনে জনে খবর দে, পোষ্য কোটার কবর দে; আপস না মৃত্যু, মৃত্যু মৃত্যু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে মুক্তি চাই; পোষ্য কোটার গদিতে, আগুন জ্বালো একসঙ্গে ইত্যাদি স্লোগান দেন।
জানাজার নামাজ না পড়ার প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, অবৈধ কোনো কিছুর জানাজা তারা পড়াবেন না। যেটার কোনো অস্তিত্ব নেই সেটার জানাজা কি পড়বো?
সিনেট ভবন প্রাঙ্গণে কবর শেষে মোনাজাত করেন শিক্ষার্থীরা। পোষ্য কোটাকে ব্যক্তি হিসেবে গণ্য করে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পাঠানোর জন্য দোয়া করা হয়।
আরটিভি/এমকে/এআর




