মাভাবিপ্রবিতে দিনভর বিদ্যুৎ বিপর্যয়, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ০৬:৫৪ পিএম


মাভাবিপ্রবিতে দিনভর বিদ্যুৎ বিপর্যয়, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। ছবি: সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) টানা বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গত দুইদিন ধরে ঝড়-বৃষ্টিজনিত কারণে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি আবাসিক হলগুলোতে দেখা দিয়েছে তীব্র পানি সংকট।

জানা যায়, গত দুইদিন ধরে টাঙ্গাইলে দফায় দফায় ঝড় ও বৃষ্টি হচ্ছে। এর মধ্যে গতকাল ভোর রাত তিনটার দিকে বজ্রসহ ঝড়-বৃষ্টির পর থেকেই ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বর্তমানে বিদ্যুৎ কিছুক্ষণ পরপর বন্ধ ও চালু হচ্ছে, ফলে পরিস্থিতি আরও দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছে।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে বিদ্যুৎ না থাকায় অনেক বিভাগে নির্ধারিত ক্লাস নেওয়া সম্ভব হয়নি। কয়েকটি বিভাগের পূর্বনির্ধারিত ক্লাস টেস্ট ও ল্যাব কুইজও স্থগিত করা হয়েছে। 

আরও পড়ুন

রসায়ন বিভাগের ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান আতিক বলেন, গত দুইদিন ধরে ঠিকমতো বিদ্যুৎ না থাকায় পড়াশোনা ব্যাহত হয়েছে। প্রশ্নপত্র প্রিন্ট করা সম্ভব না হওয়ায় আমাদের ল্যাব কুইজ বাতিল করতে হয়েছে। পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারায় একটি ক্লাসটেস্ট ও বাতিল করা হয়েছে।

শুধু রসায়ন বিভাগ নয়, বিশ্ববিদ্যালয়ের সিএসই, বিজিইসহ আরও কয়েকটি বিভাগে ক্লাস ও পূর্বনির্ধারিত ক্লাস টেস্ট বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, এখন বেশিরভাগ পড়াশোনা মোবাইল ফোন ও ল্যাপটপনির্ভর। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফোন-ল্যাপটপ চার্জ দিতে পারছি না। ফলে পড়াশোনায় ব্যাপক সমস্যা হচ্ছে।

এদিকে আবাসিক হলের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। বিদ্যুৎ না থাকায় পানির পাম্প বন্ধ হয়ে গেলে বিভিন্ন হলে পানি সংকট দেখা দেয়। এতে গোসল, খাবার পানি সংগ্রহ এবং দৈনন্দিন কাজকর্মে চরম দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা।অন্যদিকে, ক্যাম্পাস সংলগ্ন আরিফনগর, ঘোষপাড়া ও পাঁচআনী এলাকায় বসবাসরত অনাবাসিক শিক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়েছেন।

এলাকাগুলোতে গত কয়েকদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিকেলে আরিফনগর এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-তত্ত্বাবধায়ক প্রকৌশলী (তড়িৎ) শাহরিয়ার জামান বলেন, ঝড়ের কারণে জাতীয় গ্রিডের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। পিডিবির সহায়তায় সেটির রিপ্লেসমেন্ট করা হয়েছে। আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

 তিনি আশা প্রকাশ করেন, রাতের মধ্যে ক্যাম্পাসের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় নি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission