ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত 

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম
পুরোনো ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুরোধে কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছিয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউজিসির অনুরোধের পরও পূর্বঘোষিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে আবেদনের সময় অপরিবর্তিত রয়েছে। আগামী ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল প্রকাশের পর অতিরিক্ত পাঁচ থেকে সাত দিন আবেদনের সুযোগ দেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ ও ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯ জানুয়ারি ‘সি’, ৩০ জানুয়ারি ‘এ’, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ও ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এছাড়া ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পূরক পরীক্ষার্থীদের সুযোগ দিতে আবেদনের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ফি জমা দেওয়া যাবে ১২ জানুয়ারি পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচি বহাল রয়েছে। এ সময়ে শুক্র ও শনিবার ছাড়া অন্য দিনগুলোতে বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন সিদ্ধান্ত হলে তা জানানো হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। আবেদন শুরু হবে ২১ নভেম্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবার ভর্তির যোগ্যতা শিথিল করা হবে না।

তবে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য আলাদা সুযোগ রাখার সিদ্ধান্ত হয়নি।

খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা ছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি নির্ধারিত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। চলবে ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির ১৭টি বিভাগে মোট এক হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবার আবেদনের যোগ্যতার কয়েকটি শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)

এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ৬ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ৫ জানুয়ারি। এর আগে ১৫ ও ২২ জানুয়ারি ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে আগামী ৩০ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে পরীক্ষার তারিখ ছিল ৫ ডিসেম্বর।

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। ঢাকার বিএএফ শাহীন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৬ ও ২৭ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে পরিবর্তিত সময়সূচি জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ ভিসির
সিলেট নগরীর আম্বরখানা এলাকায় একটি খাবারের আউটলেটের এক সেলসম্যানের বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায়  অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর আম্বরখানা এলাকার একটি খাবারের আউটলেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আজ তিনি আউটলেটটিতে সমুচা ও বাখরখানি পার্সেল অর্ডার করেন। পার্সেল দেওয়ার সময় সেখানকার এক সেলসম্যান ইচ্ছাকৃতভাবে তাঁর হাত ধরে জোরে চাপ দেন এবং হাতের ওপর নিজের বুড়ো আঙুল ঘষতে থাকেন। একপর্যায়ে অশালীন ভঙ্গিতে মুখ সামনে এগিয়ে এনে তাঁকে জিজ্ঞেস করেন, ‘আর কিছু লাগবে ম্যাম?’ তাৎক্ষণিক হাত সরিয়ে নিয়ে প্রতিবাদ করলে ওই সেলসম্যান বিষয়টি অস্বীকার করেন এবং উল্টো তাঁকে ধমকাতে থাকেন বলে অভিযোগ করেন শিক্ষার্থী। পরে বিষয়টি আউটলেটের ম্যানেজারকে জানালেও তিনি ‘বাদ দেন ম্যাডাম’ বলে এড়িয়ে যান। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেনি বলেও অভিযোগ তাঁর। ঘটনার পর সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করেন ওই ছাত্রী। তবে প্রক্টর বিষয়টি শুনে বিরক্তি প্রকাশ করেন এবং ক্যাম্পাসের বাইরের ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের দেখার দায়িত্ব নয় বলে মন্তব্য করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, প্রক্টর তাঁকে বলেন, ‘যে ব্যাড টাচ করেছে সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি? সে কি আমার কোম্পানিতে চাকরি করে? ঘটনা যেহেতু ক্যাম্পাসের ভেতরে নয়, সেহেতু প্রক্টর অফিস কেন দেখবে? আগে থানায় জিডি করে প্রক্টর অফিসে অভিযোগ দিতে।’ ভুক্তভোগী আরও বলেন, পুরো কথোপকথনে প্রক্টর তাঁকে ধমকাচ্ছিলেন। একপর্যায়ে তিনি নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে বলেন, ‘স্যার, আমি মাত্রই একটা খারাপ ঘটনার শিকার হয়েছি। আপনার এমন কথায় আমার মন আরও খারাপ হয়ে যাচ্ছে।’ জবাবে প্রক্টর বলেন, ‘আমার মনের ভালো-খারাপের দায়িত্ব উনাদের দেওয়া হয়নি।’ প্রক্টরের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটি ফেসবুক গ্রুপে নাম প্রকাশ না করে ‘যৌন হয়রানির শিকার এবং প্রক্টরের আচরণ’ শিরোনামে পোস্ট দেন ওই শিক্ষার্থী। পোস্টটি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৫টার দিকে ভুক্তভোগী ছাত্রীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রক্টরের জবাবদিহি চেয়ে প্রক্টর অফিসে যান। এ সময় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়াসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে করা আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি চাচ্ছিলাম উনি উনার আচরণের বিষয়টি স্বীকার করুন। উনি বিষয়টি স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আমার প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী প্রক্টর অফিসে সাহায্য চেয়ে যেন এমন হয়রানির শিকার না হন এবং প্রশাসন শিক্ষার্থীদের সমস্যাগুলো বুঝে পদক্ষেপ নেয়। এছাড়া হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হোক।’ হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, ‘আইন অনুসারে ভুক্তভোগীকে আগে থানায় জিডি করতে হবে। জিডি করার পর আমাদের কাছে আবেদন করলে আমরা পুলিশকে চাপ প্রয়োগ করব, যাতে অভিযুক্তদের আইনের আওতায় এনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। জিডির আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই।’ এ সময় উপস্থিত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘যেহেতু ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে, তাই ভুক্তভোগী অভিযোগ না করলে বিষয়টির বৈধতা কমে যায়। ভুক্তভোগী জিডি করে আসলে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে।’ এদিকে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা থেকে ফেরার পথেই অভিযোগ আসা আউটলেটে গিয়েছি। তাদের ম্যানেজার ও সিলেট বিভাগের দায়িত্বে যিনি আছেন, তাঁর সঙ্গে যোগাযোগ করেছি। হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে যেন সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে কথা বলেছি। এছাড়া জালালাবাদ থানার ওসি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা হয়েছে।’ আরটিভি/এসআর
শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ ভিসির
অপেক্ষার প্রহর শেষ: কাল বেরোবিতে এমসিজে উৎসব
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে (এমসিজে) আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এমসিজে ‘MCJ’ উৎসব-২০২৬’। উৎসব ঘিরে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস।
অপেক্ষার প্রহর শেষ: কাল বেরোবিতে এমসিজে উৎসব
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-নেত্রী থেকে ঢাবির কর্মকর্তা-কর্মচারী, ককটেল ফাটিয়ে দুজনই বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-নেত্রী থেকে ঢাবির কর্মকর্তা-কর্মচারী, ককটেল ফাটিয়ে দুজনই বহিষ্কার
শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
সাইকেলের প্যাডেলে হাজার কিলোমিটার, জলবায়ুর গল্প খুঁজবেন চবির দুই শিক্ষার্থী
দেশের এক প্রান্তে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অন্য প্রান্তে ভিন্ন পরিবেশগত সংকট। কোথাও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই, কোথাও পরিবর্তিত প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। প্রতিকূলতার মধ্যেও মানুষ কীভাবে টিকে থাকে, কীভাবে পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে দুর্যোগ মোকাবিলা করে সেসব গল্প খুঁজতে এবার সাইকেলের দুই চাকায় দেশ পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী।
সাইকেলের প্যাডেলে হাজার কিলোমিটার, জলবায়ুর গল্প খুঁজবেন চবির দুই শিক্ষার্থী
আরও পড়ুন
শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
জাবিপ্রবিতে ‘দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শুধু বোর্ডসেরা নয়, এবার দেশসেরা হতে চায় কেবি কলেজ
পেছাচ্ছে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ