
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা ঘটনায় আন্দোলন চালিয়ে আসা সাধারণ শিক্ষার্থীরা ফের কঠোর অবস্থান যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, এরই মধ্যে সময় অনেক গড়িয়েছে। প্রশাসন তৎপর হলে এই সময়ের মধ্যেই আরও অনেক অগ্রগতি হতো। প্রয়োজনে আমরা সকল সাধারণ শিক্ষার্থী ভিসি স্যারের সঙ্গে ফের আলোচনায় বসতে তৈরি আছি।
তারা বলেন, প্রশাসন তৎপর না হলে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।
উল্লেখ্য, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় বুয়েটের দাফতরিক কর্মকাণ্ড চললেও একাডেমিক কর্মকাণ্ড স্থবির রয়েছে। মামলার অভিযোগপত্র দাখিল ও সেখানে অভিযুক্তদের বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বুয়েট ভিসি পদত্যাগের দাবিতে অটল রয়েছে।
এসএস




