
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘ভার্চুয়াল টক অন স্টাডি অ্যাব্রড’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্ম গুগল মিটের মাধ্যমে দুই ঘণ্টাব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষারত স্কলার জুয়েল দাশ এবং ওয়েস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির স্কলার আকিব উল ওয়াদুদ আলম। তারা দুজনই পিসিআইইউ-এর সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক। বর্তমানে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটিতে (স্টাডি লিভ) তারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
আলোচনা সেশনে বক্তারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, গবেষণার পরিবেশ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, স্কলারশিপ প্রাপ্তির কৌশল ও আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত অভিজ্ঞতা ও দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিদেশে পড়াশোনার সময় একাডেমিক ও সাংস্কৃতিক চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়েও তারা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। নিজ বিভাগের শিক্ষকদের আন্তর্জাতিক সাফল্য ও সরাসরি অভিজ্ঞতা শোনার সুযোগ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক পরিবেশ তৈরি করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি এবং পিসিআইইউ মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বৈশ্বিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ডিন ড. মোহিত উল আলম এবং পিসিআইইউ-এর সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক ও মিডিয়া ক্লাবের উপদেষ্টা তাসলিমা আক্তার ইরিন।
পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি রবিন দাশগুপ্তের সভাপতিত্বে এবং সহ-সভাপতি পূজা ঘোষ ও সাধারণ সম্পাদক প্রান্ত চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী, তথ্যবহুল ও অত্যন্ত অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন।
আরটিভি/কেআই




