ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

বিসিএসের গেজেট থেকে প্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর অবস্থান কর্মসূচি

চবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্বরে অবস্থান কর্মসূচি। ছবি: আরটিভি

৪৯তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট থেকে প্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত এবং রাজনৈতিক বা মতাদর্শিক পরিচয়ের পরিবর্তে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চাকসুর নেতাদের দাবি, সরকার ৪৯তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে। এতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হলেও প্রথম স্থান অধিকারীসহ মোট ৫৭ জন প্রার্থী চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন। এর প্রতিবাদেই তাঁরা এ কর্মসূচির আয়োজন করেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ‘চাকরির ভেরিফিকেশনে মতাদর্শের পরিচয় কেন?’, ‘মতের ভিন্নতা বেকারত্ব?’ এবং ‘দলীয় পরিচয় নয়, মেধার সঠিক মূল্যায়ন চাই’—এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচিতে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব অভিযোগ করে বলেন, তারা একদলীয় শাসন কায়েমের প্রচেষ্টা চালাচ্ছে। গত ১৭ বছরে ফ্যাসিবাদী হাসিনা যেভাবে নানা পরিচয় ও কোটার মাধ্যমে ফ্যাসিস্টদের পদায়ন করেছিল, বিএনপি ক্ষমতায় আসার পর ঠিক একই পথে হাঁটছে।

তিনি আরও অভিযোগ করেন, যোগ্যতার বদলে কেবল বিএনপির নেতা হওয়ার কারণে অযোগ্য লোকদের সচিব পদমর্যাদা, শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি-সেক্রেটারি এবং এনটিআরসিএর নিয়োগ কমিটিতে বসানো হয়েছে। নিয়োগে ভাইভার নম্বর বৃদ্ধি করা হয়েছে নিজেদের লোক বসানোর জন্য। ক্ষমতাহীন প্রাইমারি স্কুলের শিক্ষকদেরও মতাদর্শের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে। এমনকি বিসিএসে পাস করা ছেলেদেরও ভেরিফিকেশনের নাম দিয়ে গেজেট ও চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাঈদ বিন হাবিব বলেন, আমরা বলতে চাই, ২০০০ শহীদের রক্ত ও ৩০ হাজার আহতের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশে আপনারা ফ্যাসিস্ট হতে দিয়েন না। ক্যাম্পাসগুলো উত্তপ্ত করবেন না। বিসিএস থেকে শুরু করে তৃতীয়-চতুর্থ শ্রেণির প্রতিটি নিয়োগে স্বচ্ছতা বজায় রেখে মেধার ভিত্তিতে নিয়োগ দিন।

কর্মসূচি থেকে চাকসু নেতারা বাদ পড়া প্রার্থীদের বিষয়টি পুনর্বিবেচনা এবং সরকারি চাকরির নিয়োগ ও ভেরিফিকেশন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক দুই স্ট্যাটাসে এ চ্যালেঞ্জের কথা জানান সালাহউদ্দিন আম্মার।
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার
বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার
বিদেশে উচ্চশিক্ষা, বৃত্তি, গবেষণা ও পিএইচডি বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই মাসব্যাপী সেমিনার সিরিজের আয়োজন করা হয়েছে।
বিদেশে উচ্চশিক্ষার দিকনির্দেশনায় যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের পর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সভাপতি ও উপাচার্য ড. শওকাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থায়ীভাবে বহিষ্কৃত তিন শিক্ষক হলেন—গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। বহিষ্কৃত কর্মকর্তা-কর্মচারীরা হলেন—অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নূর আলম মিয়া, কর্মচারী আনোয়ার পারবেজ আপেল এবং এমএলএসএস এ কে এম আমির হোসেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদের হত্যার সঙ্গে জড়িতদের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আদেশের কপি আমরা গত পরশুদিন পেয়েছি। কপি পাওয়ার পর বিষয়টি সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। শহীদ আবু সাঈদের প্রতি সম্মান এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ৯ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। আরটিভি/টিআর
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
জবির আধুনিকীকৃত কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন ৪ অক্টোবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিকীকৃত কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ জুন জবির কেন্দ্রীয় অডিটোরিয়াম আধুনিকায়ন ও শিক্ষার্থীদের টয়লেট নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়। পরে ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এডিপির আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে এ বরাদ্দ দেওয়া হয়। আরটিভি/টিআর
জবির আধুনিকীকৃত কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন ৪ অক্টোবর
জবিতে ৭ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ৭ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, ধূপখোলায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। উদ্বোধনকালে উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৮টি বিভাগের সবগুলো থেকেই ছেলেদের দল অংশ নিচ্ছে। পাশাপাশি ২২টি বিভাগের মেয়েদের দলও এতে অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের সফল সমাপ্তি কামনা করা হয়। একই সঙ্গে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। আয়োজকেরা জানান, ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ অক্টোবর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হতে পারে। উদ্বোধনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রতিযোগিতায় নিজেদের বিভাগের হয়ে অংশ নিয়ে শিক্ষার্থীরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামছেন। আরটিভি/টিআর
জবিতে ৭ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু
আরও পড়ুন
চট্টগ্রামে বিসিএসআইআর গবেষণা কেন্দ্রে হঠাৎ এসি বিস্ফোরণ
আজ শুরু ৫১তম বিশেষ বিসিএসের আবেদন 
চবিতে ছাত্রদলের বিক্ষোভ
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা