ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

উপাচার্য পুনর্বহালের দাবি: বৃষ্টি উপেক্ষা করে ছুটির দিনেও চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

চুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
উপাচার্য পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা : ছবি আরটিভি

ছুটির দিনও টানা বৃষ্টিকেও উপেক্ষা করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের একাদশ দিনে বৃষ্টিভেজা ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তারা।

মিছিল থেকে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’—সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, আজকে আমাদের আন্দোলনের ১১তম দিন। ১১তম দিনের কর্মসূচি হিসেবে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমাদের দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাচ্ছি না। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল।

তিনি আরও জানান, আমাদের ক্লাস, পরীক্ষা এখন পর্যন্ত সবকিছু বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই অতি শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কাছ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছ থেকে একটা ইতিবাচক ফলাফল চাই।

মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরিন্দম দে বলেন, প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ জুমার নামাজের পর আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা এই অনিশ্চয়তার একটা শেষ চাই। দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের প্রথম দিন থেকেই আকুল আকুতি—আপনি হস্তক্ষেপ করে এর একটা সমাধান এনে দিন। আমরা ক্লাসে ফিরে যেতে চাই।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীদের ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি চলছে। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে এ পর্যন্ত মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একাডেমিক কার্যক্রমও বন্ধ রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’, স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন ইবি শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবর (মফিজ) লেকে দীর্ঘদিন থেকে জমে থাকা কচুরিপানা অপসারণে স্ব-প্রণোদিত হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’, স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন ইবি শিক্ষার্থীরা
খুবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত
তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব।
খুবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ
নিপাহ ভাইরাসের সংক্রমণ বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী কুষ্টিয়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ‘নিপাহ ভাইরাস: অ্যাওয়ারনেস, প্রিভেনশন অ্যান্ড পাবলিক সেফটি’ শীর্ষক এ সেমিনারে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বাংলাদেশে এএসএম-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিননাতুল করিম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল। মোছা. রিমা আক্তারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট উম্মে হাবিবা হাফসা।  আয়োজক সূত্রে জানা যায়, সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য একটি কুইজ পর্বের আয়োজন করা হয়। এতে নিপাহ ভাইরাসের সংক্রমণ, লক্ষণ ও প্রতিরোধবিষয়ক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের অর্জিত জ্ঞান যাচাই করা হয়। স্বাগত বক্তব্যে উম্মে হাবিবা হাফসা বলেন, মাইক্রোবায়োলজির জ্ঞান শুধু গবেষণাগার বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং মানুষের কল্যাণে এ জ্ঞানের প্রয়োগ জরুরি। নিপাহ ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমরা শিক্ষার্থীদের কাছে এসেছি। তোমরা এই সেমিনার থেকে অর্জিত জ্ঞান পরিবার, বন্ধু ও আশপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ মিননাতুল করিম তার আলোচনায় নিপাহ ভাইরাসের উৎস, সংক্রমণের মাধ্যম, লক্ষণ ও প্রতিরোধের উপায় বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস পান করার ঝুঁকির বিষয়ে তিনি সতর্ক করেন। তিনি জানান, ফলখেকো বাদুড়ের লালা বা মূত্রের মাধ্যমে দূষিত কাঁচা খেজুরের রস পান করলে নিপাহ ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. নাজমুল আরেফিন বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক ও স্বাস্থ্যবিষয়ক ধারণা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের কাছ থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণ, ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে সরাসরি জানার সুযোগ শিক্ষার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। আপনারা সকলে অর্জিত জ্ঞান পরিবার ও সমাজের অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন বলে আশা করি। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত শীত মৌসুমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। এ সময় ফলখেকো বাদুড়ের মাধ্যমে কাঁচা খেজুরের রস দূষিত হওয়ার আশঙ্কা থাকে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, ফল ভালোভাবে ধুয়ে ও খোসা ছাড়িয়ে খাওয়া এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি। বর্তমানে নিপাহ ভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা অনুমোদিত সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। ফলে সংক্রমণ প্রতিরোধে সচেতনতা, সতর্কতা ও দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরটিভি/এসআর
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ
বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে  হয়েছে  এমসিজে উৎসব ২০২৬।
বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষকদের গৃহীত গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা ও উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ জন গবেষক তাদের নিজ নিজ গবেষণা প্রকল্পের ওপর প্রেজেন্টেশন দেন।
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক
আরও পড়ুন
নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
ইবির বাসে হামলা ও দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগের নৈরাজ্যে’র বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ