
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে ভয়ভীতি ও হুমকি দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা জানান এবং সরকারের কাছে ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কতিপয় ব্যক্তি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের অস্থায়ী কার্যালয়ে জোর করে প্রবেশ করেন। এ সময় উপাচার্যের ব্যক্তিগত পিএস নাজমুল হোসাইনকে শারীরিকভাবে নাজেহাল করা হয় বলেও অভিযোগ করা হয়। পরে ভয়ভীতি ও হুমকির মাধ্যমে উপাচার্যের কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।
এর আগে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন, স্লোগান ও বক্তব্য দেওয়ার পাশাপাশি তার পদত্যাগ দাবি করা হয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ডা. শফিকুর রহমানের বিবৃতিতে উপাচার্যের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, এর আগেও কয়েকবার সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশৃঙ্খল আচরণ ও হুমকি-ধমকি দিয়েছেন। সর্বশেষ ঘটনার পর উপাচার্য সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরেছেন এবং বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেছেন।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষা চলমান থাকার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, পরীক্ষাসংক্রান্ত কাজে ব্যবহৃত একটি কম্পিউটারের সিপিইউ চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেছেন উপাচার্য। বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন ডা. শফিকুর রহমান।
বিবৃতিতে দেশের স্বাস্থ্য খাতে অতীতে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসাকর্মীদের নাজেহাল, মেডিকেল কলেজ বন্ধ এবং চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা ও দখলচেষ্টার বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তুলে ধরা হয়। এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা স্বাস্থ্য খাতকে আরও ক্ষতিগ্রস্ত করবে এবং জনগণের ভোগান্তি বাড়াবে।
ঘটনার বিষয়ে সরকারের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
উল্লেখ্য, উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার অভিযোগের ঘটনায় এর আগে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)ও নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
আরটিভি/জেএমএ


