
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থী ও নির্বাচিত প্রতিনিধিদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের দিয়ে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগ ওঠা সাবেক প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রিয়াজুল ইসলাম অভিযোগ করেন, গত ৪ আগস্ট ক্যাম্পাসে শিক্ষার্থী ও নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ। ওই ঘটনার পুরস্কার হিসেবেই তাকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে রিয়াজুল ইসলাম লেখেন, ‘এভাবে দেশের পবিত্র বিশ্ববিদ্যালয়গুলোকে চলতে দেওয়া যায় না। যেখানে ক্যাম্পাসগুলো হওয়ার কথা শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাকেন্দ্র, সেখানে যারা এবং যাদের মাধ্যমে শিক্ষাঙ্গনে সন্ত্রাস বিরাজ করছে ও শিক্ষার্থীদের রক্ত ঝরছে, তাদেরকেই বিশেষ সম্মাননায় ভূষিত করা হচ্ছে।’
উল্লেখ্য, চলতি বছরের ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা এবং মেডিকেল সেন্টারের উন্নয়ন। এ ঘটনায় জকসু, ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ ও ছাত্রশক্তিসহ কয়েকটি সংগঠন ও প্ল্যাটফর্মের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। হামলায় জকসুর ভিপি-জিএস ও সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন বলে জানা গেছে।
আরটিভি/ এসকেডি




