
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি রোববার পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং আয়োজক কমিটির আহ্বায়ক আনিসুর রহমান খন্দকার অনিকসহ সংগঠনটির নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্যে হাবিব উন নবী খান সোহেল বলেন, মুক্তিযোদ্ধারা অনেক স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। তারা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে জুলুম-অত্যাচার থাকবে না, দারিদ্র্য ও মানুষের কষ্ট কমবে এবং সবার মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে। বিশ্বদরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবেএমন প্রত্যাশাও ছিল তাদের।
তিনি বলেন, স্বাধীনতার পর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং দেশে নানা ধরনের বৈষম্য ও সংকট তৈরি হয়েছিল। তৎকালীন নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষের দুর্দশার মধ্যেও নেতাদের বিলাসী জীবনযাপনের চিত্র দেখা গেছে।
বিএনপির এই নেতা আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে অন্য একটি দেশের ওপর নির্ভরশীল করে রাখার চেষ্টা হয়েছিল। তবে শহীদদের রক্তের বিনিময়ে স্বাধীন হওয়া বাংলাদেশের নিজস্ব শক্তি ও স্বকীয়তা রয়েছে। কোনো দেশের কাছে বাংলাদেশকে পরাধীন হতে দেওয়া হবে না এমন অবস্থান থেকেই ৭ নভেম্বরের ঘটনা ঘটেছিল বলে মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের গণআন্দোলনের প্রসঙ্গ টেনে হাবিব উন নবী খান সোহেল বলেন, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশকে অন্য একটি দেশের ওপর নির্ভরশীল করে রাখার চেষ্টা করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিপ্লব অনিবার্য হয়ে উঠেছিল। তিনি বলেন, এ সময় তারেক রহমান একজন নেতা হিসেবে সামনে এসেছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশকে কোনো দেশের ওপর নির্ভরশীল হতে দেওয়া হবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ। অন্য কোনো দেশে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়টি দেশের মানুষ মেনে নেবে না।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ আলোকচিত্র প্রদর্শনীতে সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনাবলি ও স্মৃতিচিত্র তুলে ধরা হয়েছে।
আরটিভি/এসকে



