ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার । ছবি: আরটিভি

প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে রাজশাহী কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। ২০২৭-২০২৮ মেয়াদের জন্য গত ১২ নভেম্বর দেশেব্যাপী একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

দেশের মোট ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাজশাহী কেন্দ্রের স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এ দুইজন রুয়েট শিক্ষকের নির্বাচিত হওয়ার তথ্য প্রকাশ করা হয়। জানা যায় কেন্দ্রীয় কাউন্সিল সদস্যের দুটি পদের বিপরীতে রাজশাহী কেন্দ্র থেকে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার নির্বাচিত হন। অন্য দুই প্রার্থীদের মধ্যে ছিলেন এ্যাব সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আকতার হোসেন এবং জামায়াত সমর্থিত ওয়ান আইইবি প্যানেলের সদস্যরা।

স্থানীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, রাজশাহী কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৬৯৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৪০৪ জন। বৈধ ভোটের সংখ্যা ৩৮৮ এবং ভোটদানের হার ৫৭ দশমিক ৮৮ শতাংশ। এ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৯৪ জন ভোটার।

এছাড়াও আইইবির রাজশাহী কেন্দ্রের কাউন্সিল সদস্য পদে রুয়েটের আরও তিন শিক্ষক নির্বাচিত হয়েছেন। তারা হলেন: পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল, একই বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এবং তড়িৎ ও তড়িৎকৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সামিউল হাবিব।

নির্বাচনে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে নির্বাচিত উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার সহ রুয়েটের নির্বাচিত শিক্ষকরা বিএনপির নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ২০২৪-২০২৬ মেয়াদে আইইবির রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে তাকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে। প্রকৌশলী অধিকার আন্দোলনের (ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট বা ইআরএম) সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। প্রকৌশল খাতের বৈষম্য দূরীকরণ ও প্রকৌশলীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় পরিচালিত এ আন্দোলনের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

আইইবি নির্বাচন কমিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নির্বাচনে সারা দেশে মোট ভোটার ছিলেন ৩৪ হাজার ১৩১ জন। কেন্দ্রীয় পর্যায়ের ১৮২টি পদের বিপরীতে ৬৫৮টি মনোনয়নপত্র জমা পড়ে। আইইবির নিবন্ধিত ফেলো ও সদস্যরা এ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পান। ভোটগ্রহণে ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) শিটভিত্তিক ব্যালট পদ্ধতি ব্যবহার করা হয়। পাশাপাশি বিদেশে অবস্থানরত বা দূরবর্তী এলাকার যোগ্য সদস্যদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।

একই দিনে কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, সাতটি প্রকৌশল বিভাগ, উইমেন ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এবং স্থানীয় কেন্দ্র ও উপকেন্দ্রগুলোর কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের (ইআরসি) নির্বাচনও একই সঙ্গে অনুষ্ঠিত হয়।

আইইবির সদর দপ্তর সহ দেশের ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, যশোর, আশুগঞ্জ, ঘোড়াশাল ও রাঙ্গাদিয়া। এছাড়াও সাভার, টাঙ্গাইল, কুষ্টিয়া, নোয়াখালী, চাঁদপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার সহ বিভিন্ন এলাকায় উপকেন্দ্র রয়েছে। ঢাকায় ভোটগ্রহণের জন্য ৬০০টির বেশি পোলিং বুথ স্থাপন করা হয়েছিল। নির্বাচনী তফসিল অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান আগামী ১৯ নভেম্বর ২০২৬ এর মধ্যে সাধারণ সম্পাদকের কাছে চূড়ান্ত ফলাফল হস্তান্তর করবেন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী।
নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
ছোট ক্যাম্পাসের হতাশা, ভবিষ্যৎ পরিকল্পনায় বুটেক্স
উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা।
ছোট ক্যাম্পাসের হতাশা, ভবিষ্যৎ পরিকল্পনায় বুটেক্স
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
ভোরের কুয়াশা ও হালকা শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
দেশের জ্বালানি সংকট ও সমাধানের পথ নিয়ে চবি শিক্ষার্থীদের কর্মশালা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেশের চলমান জ্বালানি সংকট, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও সংকট সমাধানে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দেশের জ্বালানি সংকট ও সমাধানের পথ নিয়ে চবি শিক্ষার্থীদের কর্মশালা
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়
তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে খুলনা বিভাগীয় বিজ্ঞান মেলায় তৃতীয় স্থান অর্জন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চার শিক্ষার্থীর একটি দল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞান মেলার বিভাগীয় পর্বে এ সাফল্য অর্জন করেন তারা।  এই প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তৃতীয় স্থান অর্জনকারী দলের সদস্যরা হলেন— বর্ষণ কর্মকার প্রান্ত, জাকারিয়া আলম বাপ্পী, সাদিয়াতুল কেয়া ও মিনহাজুল আবেদিন হৃদয়। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী। জানা যায়, প্রতিযোগিতায় খুলনা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১০৮টি দল অংশ নেয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাতটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দলটি তৃতীয় স্থান অর্জন করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাকি ছয়টি দল সেরা ৩০-এর মধ্যে স্থান করে নিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে।   এছাড়া বাকি ৬টি টিমই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। এসময় বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৭৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়, যার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ৫০টি প্রকল্প নির্বাচিত হয়েছে। ইসলাসী বিশ্ববিদ্যালয়ের গবেষণার দলটি বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা সম্পন্ন ব্যাকটেরিয়া খুজে বের করে উপকুলীয় লবনাক্ত এলাকায় বায়োবিদ্যুত, বায়োফুয়েল ও বায়োফার্টিলাইজার তৈরির পাশাপাশি বায়োরিমিডিয়েশনের কাজ করছে বলে জানা গেছে। উল্লেখ্য, দিনব্যাপী খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। আরটিভি/এসআর
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট
রুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে