
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই আবাসিক হলে সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাস পেরিয়ে গেলেও এখনও নতুন করে আবাসিক আসন বরাদ্দ দেওয়া হয়নি। যা নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের মধ্যে।
শিক্ষার্থীদের দাবি, দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত ফল প্রকাশ করে বৈধ সিট নিশ্চিত করা হোক। সিট বরাদ্দে কোনো ধরনের স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বা বৈষম্য না রাখার দাবি।
নাম না প্রকাশের শর্তে ২০২১-২২ সেশনের লোকপ্রশাসন বিভাগের এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী হিসেবে হলে সিট বরাদ্দ না পাওয়ায় আমি অত্যন্ত হতাশ ও উদ্বিগ্ন। আবাসন সংকটের কারণে অনেক শিক্ষার্থীকে বাইরে মেস বা বাসা ভাড়া করে থাকতে হচ্ছে, যা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। বিশেষ করে নিম্নবিত্ত ও অসচ্ছল শিক্ষার্থীরা এতে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। আমার দাবি, সিট বরাদ্দে কোনো ধরনের স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব বা বৈষম্য রাখা যাবে না। শিক্ষার্থীদের আবাসন কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক প্রয়োজন। তাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিবেচনা করে দ্রুত হলে সিট বরাদ্দের ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
নাম প্রকাশ না করার শর্তে ২০২৩-২৪ সেশনের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী বলেন, গত ৮ ও ৯ সেপ্টেম্বর হলে সিট বরাদ্দের জন্য ভাইভা নেওয়া হলো। তবে দীর্ঘ ২ মাস পেরিয়ে গেলেও এখনও আমরা এর ফলাফল পাইনি। যা হল প্রশাসনের চরম খামখেয়ালিপনা ও ছাত্রদের ব্যাপারে উদাসীনতার পরিচয় দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে বিরাজমান চরম আবাসিক সংকটে আমাদের এমনিতেই বেশি ভাড়া দিয়ে মেসে থাকতে হচ্ছে, যা আমাদের জীবনধারণের জন্য কষ্টকর। অবিলম্বে এই দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে দ্রুত ফল প্রকাশ করে বৈধ সিট নিশ্চিত করা হোক।
নাম না প্রকাশের শর্তে ২০২৩-২৪ সেশনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমি অনেক দিন আগে বিজয় ২৪ হলে আবেদন করি, কিন্তু এখনও সিট পাইনি। অথচ হলে সিট পাওয়ার জন্য যে যে মানদণ্ড পূরণ করা জরুরি, তার সবগুলোই আমি পূরণ করেছি। অথচ এখনও সিট পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। জানি না ঠিক কী কারণে সিট পেতে এত বিলম্ব হচ্ছে, নাকি সিটই পাব না। আমার বাড়ি রংপুর থেকে অনেকটাই দূরে। পাশাপাশি আমার অর্থনৈতিক অবস্থাও অতটা ভালো নয়। এমন সময়ে মেসে থেকে খরচ চালানো ভীষণ কষ্টসাধ্য। হলে সিট পেলে ভীষণ উপকার হতো। আমার বর্তমান দাবি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা সিট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক।
খোঁজ নিয়ে জানা যায়, বিজয় ২৪ হলে নতুন করে সিট বরাদ্দের লক্ষ্যে ১১ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ভাইভা ১৩ ও ১৪ সেপ্টেম্বর শেষ হয়। অন্যদিকে শহীদ মুখতার এলাহী হলে সাক্ষাৎকার নেওয়া হয় ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর।
বিগত প্রভোস্ট যথারীতিভাবে বিজ্ঞপ্তি ও ভাইভা নিলেও সিট বরাদ্দ দিতে পারেননি। তৎকালীন (বিগত)বিজয় ২৪ হলের প্রভোস্ট আমীর শরিফ বলেন, ভাইভা নেওয়ার এক সপ্তাহের মধ্যে তো আমাদের সময় প্রায় শেষের দিকে। যেহেতু একটা নতুন প্রশাসনিক টিম আসবে, তারাই কাজ করবে। সময় স্বল্পতার কারণে দেওয়া হয়নি।
এরপরই প্রভোস্ট বডিতে পরিবর্তন আসে। গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হারুন-আল-রশীদকে বিজয়-২৪ হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.টি.এম. জিন্নাতুল বাশারকে শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদ বলেন, গত সপ্তাহে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এই সপ্তাহে আশা করি দেব। নীতিমালার আলোকে দেওয়ার চেষ্টা করছিলাম। ওইটার জন্য দেরি হচ্ছে।
শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্ট ড. এ.টি.এম. জিন্নাতুল বাশার বলেন, গত সপ্তাহের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এই সপ্তাহের মধ্যে দিতে পারবো, ইনশাআল্লাহ।”
আরটিভি/এসএস




