ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ইবিতে জালিয়াতি করে ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়া সেই শামীমা ও তার স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত প্রশাসনের

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
শামীমা ও তার স্বামী। ছবি: ইবি সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীমা আক্তার ও তার স্বামী ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী ইয়াছিন আলী ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এছাড়া বিভাগটির উপ-রেজিস্ট্রার ইসরত জাহান এবং জুনিয়র লাইব্রেরিয়ান মুরাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৭৫ তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ২৪১০১০৪ রোলধারী শিক্ষার্থী শামীমা আক্তার জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস ও পরিক্ষা সম্পন্ন করে। পরে রেজাল্ট তৈরি করতে গিয়ে প্রশাসন প্রদত্ত সফটওয়্যারে শিক্ষার্থীর রোল নাম্বার না থাকায় বিষয়টি পরীক্ষা কমিটির নজরে আসে।

গত ১১ জুলাই বিষয়টি নিয়ে বৈঠক করে পরীক্ষা কমিটি। পরে বিভাগীয় সভাপতিকে জানালে একইদিনে জরুরি মিটিং ডাকা হয়। উক্ত সভায় অভিযুক্ত শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত কোনো নথি একাডেমিক শাখায় না পাওয়ায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিভাগের সংশ্লিষ্ট স্টাফদের আরও সতর্কতার সহিত দায়িত্ব পালন করতে বলা হয়।

এ ঘটনায় গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির অন্য দুই সদস্য ছিলেন— বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার মো. বদিউজ্জামান। সর্বশেষ সিন্ডিকেটে তদন্ত কমিটির সুপারিশ গেলে এই সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীঘটিত বিরোধের জেরে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রদল নেতাকে রাজপাড়া থানার পরিচয় দিয়ে হল থেকে তুলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।  এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযোগে ফোনদাতার নাম মুস্তাকিম বলে উল্লেখ করা হয়েছে। তিনি পেশায় কারারক্ষী বলে দাবি করেছেন ওই শিক্ষার্থী। অভিযোগকারী শিক্ষার্থীর নাম মো. নাহিদ হাসান নয়ন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ হবিবুর রহমান হলের আবাসিক ছাত্র। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শহীদ হবিবুর রহমান হল শাখার সিনিয়র সহ-সভাপতি। লিখিত অভিযোগে নাহিদ উল্লেখ করেন, গত ১৩ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে এক ব্যক্তি নিজেকে রাজপাড়া থানার সদস্য পরিচয় দিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে যেন আর পড়াশোনা করতে না পারেন, সে ব্যবস্থা করার হুমকি দেন। অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে খোঁজ নিয়ে ফোনদাতার নাম মুস্তাকিম এবং তিনি পেশায় একজন কারারক্ষী বলে জানতে পারেন নাহিদ। একজন সরকারি কর্মচারী হয়ে পুলিশের পরিচয় ব্যবহার করে এমন হুমকি দেওয়ায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে আবেদনে উল্লেখ করেন তিনি। তার ধারণা, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এদিকে, অভিযোগের সত্যতা যাচাই করতে এই প্রতিবেদক ভুক্তভোগী নাহিদের কাছ থেকে কল রেকর্ড সংগ্রহ করেন। অভিযোগপত্রে উল্লেখ করা নম্বরের সঙ্গে কল রেকর্ডের তথ্য মিলিয়ে দেখার পর ওই নম্বরে ফোন দেওয়া হয়। ফোনটি রিসিভ করে অপর প্রান্ত থেকে মুস্তাকিম পরিচয়ে একজন কথা বলেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথমে তিনি বলেন, ‘আপনি একটু শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক জীবন ভাইকে আমার নাম বইলেন। তাহলেই সব জানতে পারবেন।’ পরে পুনরায় জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়েলি বিষয় নিয়ে ওনার (নাহিদের) সঙ্গে দেখা করে কথা বলতে চাইছিলাম।’ প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানালে তিনি বলেন, ‘ওনার নামেও থানায় জিডি করব ও প্রক্টর দপ্তরে অভিযোগ যাবে, সমস্যা নাই। ওনি আমার বোনকে নাকি স্কুল থেকে উঠিয়ে নিয়ে যাবেন। কাহিনি ওনার থেকেই শুনেন।’ পুলিশ পরিচয় দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘না ভাই, ওনি ভুল শুনেছেন। গতকাল কনসার্টের কারণে নেটওয়ার্কের সমস্যা ছিল হয়তো। আমি সাধারণ পাবলিক। ঘুরি-ফিরি খাই।’ এ বিষয়ে নিজের বক্তব্যে নাহিদ হাসান নয়ন বলেন, ‘অনেকদিন যাবত আমার সঙ্গে রাজশাহী কলেজের এক মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু মেয়ের পরিবার চায় না যে আমরা রিলেশন কন্টিনিউ করি। এজন্য হয়তো ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আমাকে হুমকি-ধামকি দেওয়াচ্ছে। আমি মেয়ের সঙ্গে কথা বলে জেনেছি, ওই ছেলে ওদের পরিবারের কেউ না।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আমি অভিযোগপত্র পেয়েছি। সত্যতা যাচাই করার কাজ চলছে।’ আরটিভি/এসআর
নারীঘটিত বিরোধের জেরে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার হুমকি
জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ছাত্রদল: বাসিত
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ থেকে পাওয়া অভিজ্ঞতা দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে কাজে লাগানোর পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।  আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজনের কার্যকর উদ্যোগ সম্পর্কে অর্জিত জ্ঞান দেশের বাস্তবতায় প্রয়োগ করতে চায় সংগঠনটি। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ক্যাম্পাস এবং নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসিত। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী অডিটোরিয়ামে ‘কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় ও জিজ্ঞাসা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাসিত সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে অংশ নিয়েছিলেন। কপ-৩১ সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরে বাসিত বলেন, সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। সেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যেও এ বিষয়টি উঠে এসেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অভিযোজনের জন্য বরাদ্দ অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব অর্থ কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ছাত্রদলের পরিবেশবিষয়ক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, প্রাণীদের খাবার বিতরণ এবং বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করেছেন। কপ-৩১ থেকে অর্জিত অভিজ্ঞতা এসব কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে। বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের উদ্ভাবনী পদ্ধতি সম্পর্কে জেনে সেগুলো দেশের প্রেক্ষাপটে বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ক্যাম্পাস এবং নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণতা কমানো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত ঝুঁকি মোকাবিলা এবং জনসচেতনতা তৈরিতে ছাত্রদলের নেতাকর্মীরা ভূমিকা রাখতে চান। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ টেনে বাসিত বলেন, কর্মসূচির ২৯ নম্বর দফায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। বৃক্ষরোপণ, নদীশাসন, খাল খনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের মতো উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। সরকারের চলমান খাল খনন কর্মসূচিকেও তিনি এ পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ফ্লাইটে সম্মেলনে গিয়েছেন, তাঁরাও একই ফ্লাইটে গিয়েছেন। একই হোটেলে অবস্থানের পাশাপাশি প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও প্লেনারি অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। সম্মেলনের একটি প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের দুই প্রতিনিধিকে তাঁর পাশে বসার সুযোগ দেওয়া হয়েছিল। ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে বাসিত আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংগঠনের আরও নেতাকর্মী আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, ছাত্রদলে বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন। তাঁদের যথাযথভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে বিজ্ঞানী, উদ্ভাবক, চিকিৎসক, অর্থনীতিবিদ ও দক্ষ কূটনীতিক তৈরি করা সম্ভব। রাষ্ট্র পরিচালনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো মানবসম্পদ ছাত্রদলের মধ্যে রয়েছে বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের চলার বিষয়টি ব্যাখ্যা করেন বাসিত। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যাঁর নির্দেশনায় নেতাকর্মীরা রাজপথে ছিলেন, তাঁর সঙ্গে চলা তাঁদের কাছে আবেগ ও ভালোবাসার বিষয়। বিষয়টি শুধু গাড়ির পেছনে ছুটে চলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনেও ছাত্রদলের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে। আরটিভি/এসআর
জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ছাত্রদল: বাসিত
আজানের সময় গান বন্ধ করতে বলায় জবি ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ইশার আজানের সময় গান বন্ধ করতে বলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আহত হয়েছেন বলে দাবি করেছেন নেতাকর্মীরা।  এ ছাড়া ঘটনার ভিডিও ধারণ করতে গেলে জবি রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু সায়েমের মুঠোফোন কেড়ে নেওয়া হয়।। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রশক্তি। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান চলছিল। এতে জাতীয় সংসদের হুইপ মিয়া মোহাম্মদ নূরুদ্দীন অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন। বিকেলে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এ সময় ইশার আজান চলাকালেও সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ অনুষ্ঠানস্থলের কাছাকাছি হওয়ায় মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কা থেকে আজানের সময় সাউন্ড বক্স বন্ধ রাখার অনুরোধ করেন শাখা ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে ছাত্রশক্তির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ আহত হন বলে দাবি করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এদিকে, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে জবি রিপোর্টার্স ইউনিটির সদস্য আবু সায়েমের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে মহসিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে এ বিষয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান তিনি। মহসিন বলেন, ‘ফোন কেড়ে নেওয়া আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম, তিনি ছাত্রশক্তির কেউ। আমার এই ভুলের জন্য আমি ক্ষমা চাই।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ইশার আজানের সময়ও তাঁরা সাউন্ড বক্সে গান বাজাচ্ছিলেন। আমরা শুধু বলেছি, ভাই, আজানের সময় গান বন্ধ রাখতে হয়। এটা তো সাধারণ একটা বিষয়। কিন্তু এরপর তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। আমরা তাদের বুঝিয়ে অনুরোধ করার পরও তাঁরা আমাদের ওপর তেড়ে আসেন এবং হামলা চালান। এতে আমাদের দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে শাখা ছাত্রশক্তি। সংগঠনটির নেতাকর্মীরা এ কর্মসূচির মাধ্যমে হামলার প্রতিবাদ জানাবেন বলে জানা গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমেদ বলেন, দুপুরের দিকে আমরা অনুষ্ঠানে সবাই ছিলাম। তবে বিকেলের দিকে হঠাৎ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা শুনেছি, আজানের সময় সাউন্ড বক্স বন্ধ করতে বলায় এ হামলার ঘটনা ঘটেছে। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরাও অনুষ্ঠান শেষ করেছেন। আশা করছি, আর কোনো সমস্যা হবে না। এ বিষয়ে বক্তব্য জানতে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। আরটিভি/এসআর
আজানের সময় গান বন্ধ করতে বলায় জবি ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা
তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ, ক্ষোভ শিক্ষার্থীদের
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই আবাসিক হলে সিট বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাস পেরিয়ে গেলেও এখনও নতুন করে আবাসিক আসন বরাদ্দ দেওয়া হয়নি। যা নিয়ে ক্ষোভ শিক্ষার্থীদের মধ্যে। 
তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ, ক্ষোভ শিক্ষার্থীদের
ইবিতে র‍্যাগিং ইস্যুতে ৫ জন আজীবন বহিষ্কারসহ ৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই বিভাগে র‍্যাগিং ঘটনায় ৫ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার সহ ৩০ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন শিক্ষার্থী এবং লোক প্রশাসন বিভাগের ১৩ জন শিক্ষার্থী সতর্কীকরণ সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া পেয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৬তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে দুইজনকে ২ বছর করে বহিষ্কার করা হয়েছে।  তারা হলেন— সানি নেহালী (২৪-২৫ বর্ষ) ও সানাউল (২৪-২৫)। এক বছর করে বহিষ্কার হলেন শেখ মেহেদী হাসান, আরিফ হোসেন সজিব, ছৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াছিমাত সারা, সাজ্জাদ হোসাইন রুহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রিতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসিবুজ্জামান, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান (২৫-২৬)। অন্যদিকে লোক প্রশাসন বিভাগের ৫ জন আজীবন বহিষ্কার সহ ১৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৫ জন আজীবন বহিষ্কার হলেন— আল নাজিব মাহি, খাইয়ুম মোস্তফা, মো. আব্দুল কায়ুম, তারিফ জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকত।  ১ বছরের জন্য বহিষ্কার হলেন, মোজাহেদুল ইসলাম মীম, সায়েম হাফিজ সিয়াম, মো. আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভ। এছাড়া ৪জন শিক্ষার্থীকে সতর্ক করেছে প্রশাসন। তারা হলেন,তানভিন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, এগুলো সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা আপিল করতে পারবে কিনা অবগত হয়নি। এসব বিষয়ে উপাচার্য মহোদয় বলতে পারবেন। আরটিভি/এসআর
ইবিতে র‍্যাগিং ইস্যুতে ৫ জন আজীবন বহিষ্কারসহ ৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা
আরও পড়ুন
ইবিতে র‍্যাগিং ইস্যুতে ৫ জন আজীবন বহিষ্কারসহ ৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা
‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ প্রতিযোগিতায় বিভাগীয় পর্বে তৃতীয় ইসলামী বিশ্ববিদ্যালয়
অনুমোদন ছাড়া ইবিতে তড়িঘড়ি স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টা, কাজ স্থগিত
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ