
তারেক রহমানের নেতৃত্বে আমরা যে গণতন্ত্রের পথচলা শুরু করেছি সেটা কয়েকটা ককটেল বিস্ফোরণ আর দুই একটা গাড়িতে আগুন দিয়ে এই পথচলাকে রুদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, আপনারা যে আদর্শের রাজনীতি করেন সেটা জাতীয়তাবাদ। জাতীয়তাবাদী রাজনীতি গণতন্ত্রের একজন প্রতীক একজন মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারই জ্যেষ্ঠ পুত্র সেই পতাকা নিয়েই কাজ করছেন। একটি আন্তর্জাতিক সার্ভেতে উঠে এসেছে তার ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক বেশি অনেক বেশি। যে মহৎ উদ্দেশ্যগুলো নিয়ে যে ডাইনামিক বৈশিষ্ট্য নিয়ে তিনি এ কাজ করছেন এবং আমরা যে গণতন্ত্রের পথ চলা শুরু করেছি সেটা কয়েকটা ককটেল বিস্ফোরণ আর দুই একটা গাড়িতে আগুন দিয়ে এই পথ চলাকে রুদ্ধ করতে পারে না।
তিনি আরও বলেন, এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে। ভিন্ন মত প্রকাশের জন্য কেউ গুম হয় না। কেউ ক্রসফায়ারের শিকার হয় না। কেউ সরকারের সমালোচনা করলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয় না। এই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্যই ১৭ বছরে সংগ্রাম করেছে বিএনপিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং এই সমস্ত আন্দোলনের ভেতরেই ছিল ৭ই নভেম্বরের চেতনা।
৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, জাতীয় ঐক্য, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই ৭ নভেম্বরের মূল চেতনা। এ চেতনা বাংলাদেশের জনগণকে অন্যায়, স্বৈরশাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস জোগায়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার অধিকার নিশ্চিত করাই ছিল এ চেতনার অন্যতম অঙ্গীকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা তিনটি ভিত্তির ওপর প্রতিষ্ঠিত—জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অধিকার। এই চেতনা ধারণ করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে অর্থনীতি, শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে এগিয়ে যেতে হবে। পাশাপাশি দুর্নীতি ও বৈষম্য দূর করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর শুধু ইতিহাস স্মরণের দিন নয়, বরং জাতীয় ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নতুন অঙ্গীকারের দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, মহান বিজয় দিবসের মতোই ৭ নভেম্বর ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে সিপাহি-জনতার ঐক্য ও গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা হয় এবং দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা ঘটে।
আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুলের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.মামুনুর রশীদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আরটিভি/এমএম



