
স্কুলশিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি ও রাসায়নিক প্রকৌশল বিষয়ে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞানভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার অব এআইসিএইচই (আমেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স)।
কে-১২-নামের এ কর্মসূচির আওতায় হাতে-কলমে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে দিচ্ছেন সংগঠনটির সদস্যরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোরের চৌগাছা উপজেলার সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি পরিচালনা করেন কে-১২-এর সমন্বয়ক মায়মুনা তাসনিমসহ এআইসিএইচইর অন্যান্য সদস্যরা।
কর্মসূচিতে এলিফ্যান্ট টুথপেস্ট, লাভা ল্যাম্প ও ব্লু বটল এক্সপেরিমেন্টসহ বিভিন্ন মজার ও শিক্ষণীয় বৈজ্ঞানিক পরীক্ষা প্রদর্শন করা হয়। এসব পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয় সহজে বুঝতে পারে। পাশাপাশি তাদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, কৌতূহল ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়।
কর্মসূচিটি মূলত ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। এর আগে যবিপ্রবির মাধ্যমিক বিদ্যালয়েও কে-১২-এর একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতে এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রেখে যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বিজ্ঞান ও রাসায়নিক প্রকৌশলকে আরও আকর্ষণীয় করে তুলতে কাজ করবেন।
কে-১২ কর্মসূচির সমন্বয়ক মায়মুনা তাসনিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি করাই আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পাঠ্যবইয়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় তাত্ত্বিকভাবে পড়ে, কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলোর বাস্তব প্রয়োগ সম্পর্কে জানার সুযোগ পায় না। আমরা হাতে-কলমে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রদর্শনীর মাধ্যমে তাদের সেই সুযোগ তৈরি করে দিতে চাই। এতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে বিজ্ঞানের বিষয়গুলো শিখতে পারবে এবং তাদের মধ্যে জানার আগ্রহ ও কৌতূহল বাড়বে। আমাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনায় উৎসাহিত হবে এবং ভবিষ্যতে বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষায় নিজেদের আগ্রহী করে তুলবে।
আরটিভি/এসএস




