
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেতাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে মারধরের অভিযোগও উঠেছে।
আটক শাকিল খান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের দর্শন বিভাগ শাখার সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
বিভাগীয় সূত্রে জানা যায়, বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নিতে বিভাগে এসেছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাকিল। তার উপস্থিতির খবর পেয়ে সেখানে যান ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে তাকে আটক করলে শাকিলের বান্ধবী ও সহপাঠীরা বাধা দেন। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার মুঠোফোন জব্দ করা হয়।
শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’ এবং ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, শাকিলের মুঠোফোন পরীক্ষা করে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে গঠিত ‘ভাই-ব্রাদার্স’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে তার যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের এ নেতা এখনও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এবং দর্শন বিভাগে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন অবৈধ কার্যক্রম তার মাধ্যমেই পরিচালিত হতো। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের পদ থেকেও তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা ওই ছাত্রনেতাকে ধরে নিয়ে আসে। পরে আমরা তার পরিচয় জানার চেষ্টা করি। জানতে পারি, তিনি দর্শন বিভাগের নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে খবর দিই এবং পুলিশের হেফাজতে সোপর্দ করি।’
আরটিভি/ এসকেডি


