
রাজধানীর সূত্রাপুরে এলাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন।
রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহত জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের ছেলে। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল ছুড়ে মারে। এতে জাহাঙ্গীর ইসলাম আহত হন।
জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নেওয়া আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
আরটিভি/টিআর




