ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

গভীর রাতে ২৭ শিক্ষককে ডেকে দেখা হচ্ছিল অকৃতকার্যদের উত্তরপত্র, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ এএম
ছবি: সংগৃহীত

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ফল প্রকাশের পর আবারও খাতা যাচাইয়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে নিয়ে ইংরেজি, গণিতসহ বিভিন্ন বিষয়ের খাতা পুনরায় যাচাই করা হয় বলে জানা গেছে।

তবে রাতে খাতা দেখার বিষয়টি জানতেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ।

জানা গেছে, এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। এবারও কয়েক ধাপে আবেদন করা খাতাগুলো শিক্ষকদের দিয়ে পুনর্নিরীক্ষণ করা হয়। তবে সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরও ‘আশানুরূপ’ ফল না আসায় পুনর্নিরীক্ষণ করা খাতাগুলো আবারও পরীক্ষা করা হয়েছে।

দ্বিতীয় দফায় একই খাতা পরীক্ষা করতে একসঙ্গে এত শিক্ষককে রাতে ডেকে কাজ করানোর ঘটনা নজিরবিহীন বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা বোর্ডের ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় তারা প্রধান ফটকে অপেক্ষা করতে থাকেন। রাত সাড়ে ১১টার পর প্রধান ফটকের সামনে আসেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন।

এ সময় চেয়ারম্যান বলেন, ‘আমাদের কাজ শেষ হয়নি, রেজাল্ট দিতে হবে তাড়াতাড়ি। এই জন্য রাতে কাজ হচ্ছে।’

পুনর্নিরীক্ষণ আবেদন করা খাতা দেখা শেষ হওয়ার পরও কেন সেগুলো আবার পরীক্ষা করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘খাতা দেখে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের মনে হয়েছে আরও ভালো করে দেখা দরকার। ইংরেজি আর গণিতের খাতা অনেক বেশি ফেল করেছে। সেগুলো দেখতে একটু দেরি হয়েছে।’

খাতা দেখে ফেল করা শিক্ষার্থীদের পাস করানো হচ্ছে কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘না, না। নো, নো, নো। আমাদের দেখার কিছু বাকি ছিল। সেগুলো দেখা দরকার, তাই দেখছে। একটা করে দেখা হচ্ছে, ছেড়ে দিচ্ছি। আমাদের বুয়েটের কাছে মার্ক হস্তান্তর করতে হবে, সেই জন্য।’

রাতে খাতা দেখার কারণ জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘দিনে শিক্ষকেরা চাকরি করেন বিভিন্ন প্রতিষ্ঠানে। আমাদের মনে হয়েছে সুবিধামতো সময়ে সন্ধ্যার পরে তাদের দিয়ে কাজ করানো যেতে পারে। আগামীকালই (বুধবার) মার্ক হস্তান্তর করতে হবে। সময় একেবারে নেই।’

পরে চেয়ারম্যান ও পরীক্ষানিয়ন্ত্রক কার্যালয়ের ভেতরে চলে যান। রাত ১২টার দিকে শিক্ষা বোর্ড থেকে শিক্ষকরা বের হয়ে যান।

এদিকে রাতে শিক্ষা বোর্ডে খাতা পুনর্নিরীক্ষণ বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুর রউফ।

তিনি বলেন, ‘আমি পৌনে ছয়টার সময় চেয়ারম্যানের সঙ্গেই অফিস থেকে নেমে গিয়েছিলাম। তারপর রাতে বাসায় ঘুমিয়েও পড়েছিলাম। রাত দেড়টার সময় ছেলে ঘুম থেকে ডেকে তুলে দেখায় যে আমার ফোনে বিভিন্ন ধরনের ম্যাসেজ এসেছে। এটা দেখে আমি হতভম্ব হয়ে যাই। এগুলো আসলে দুঃখজনক।’

সচিব জানান, তারা ১ সেপ্টেম্বরের মধ্যে পুনর্নিরীক্ষণ আবেদন করা খাতা দেখা শেষ করার পরিকল্পনা করেছিলেন। এরপর ৫ সেপ্টেম্বর ফলাফল জমা দেওয়ার কথা ছিল। তার জানামতে, ১ সেপ্টেম্বরই খাতা দেখা শেষ হয়েছে।

তিনি বলেন, অফিস থেকে কর্মকর্তারা চলে যাওয়ার পর রাতে আবার কেন খাতা দেখা হয়েছে, তা তিনি জানেন না। এ বিষয়ে কেউ তাকে কিছু জানায়নি। তাই তিনিও নিজ উদ্যোগে খোঁজ নেননি।

রাজশাহী বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে ১ লাখ ১২ হাজার ৮৬ জন পাস করে। পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ এবং ছাত্রদের ৫৭ দশমিক ৩৩ শতাংশ।

গত ১৭ আগস্ট পর্যন্ত রাজশাহী বোর্ডে ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ইংরেজি ও গণিতে। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ শুরু ৫১তম বিশেষ বিসিএসের আবেদন 
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর)। সকাল ১০টা থেকে সরকারি চাকরিতে আগ্রহী ও যোগ্য চিকিৎসকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে। পিএসসি জানিয়েছে, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ব্যবহারকারী পরিচয় পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।  ৫১তম বিশেষ বিসিএসে আবেদন করতে হলে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন। সহকারী সার্জন পদে আবেদন করতে প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদনের জন্য প্রয়োজন বিডিএস বা সমমানের ডিগ্রি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন প্রার্থী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না। নির্ধারিত যোগ্যতা থাকা প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আরটিভি/জেএমএ
আজ শুরু ৫১তম বিশেষ বিসিএসের আবেদন 
একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়।
একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিসারিজ ও ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
ডিপ্লোমা শিক্ষার্থীদের বদলি আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
১০ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ
দেশের বিভিন্ন মাদরাসার ১০ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
১০ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের টিম ব্লুপ্রিন্ট। একই প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস সিনিয়র ক্যাটাগরিতে ‘টিম অডিসি এক্স’ সপ্তম স্থান অর্জন করেছে। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ২৫টি দেশের ১৪৯টি দল অংশ নেয়। ব্রোঞ্জজয়ী টিম ব্লুপ্রিন্টের সদস্যরা হলেন সৈয়দ সুবেহ-সাদিক শোলক, মো. আজমাইন শাক ও সাম্মান রাহিন। ‘টিম অডিসি এক্স’-এর সদস্য আবিদা ওয়াদুদ ও সাদমান আল হক। এ ছাড়া বাংলাদেশের হয়ে ‘টিম নেবুকোডার্স’ ও ‘টিম রোবোম্যানিয়া’ প্রতিযোগিতায় অংশ নেয়। ৯ জন প্রতিযোগীসহ ১৩ সদস্যের বাংলাদেশ দলের দলনেতা ছিলেন প্রমি নাহিদ। কোচের দায়িত্বে ছিলেন নাসির খান সৈকত। বিশ্বমঞ্চে এই সাফল্যে ভবিষ্যতের জন্য বড় অনুপ্রেরণা দেখছেন বিজয়ী ও আয়োজকরা। এর আগে গত ১৪ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৬-এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়। ৪টি ক্যাটাগরিতে আয়োজিত এ প্রতিযোগিতায় ৭২টি দলের ২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়। জাতীয় পর্বের ফলাফলের ভিত্তিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দলগুলো নির্বাচিত হয়। প্রতিযোগিতায় এ বছরের প্রতিপাদ্য ছিল ‘রোবট মিটস কালচার’। জাতীয় পর্বের আগে শিক্ষার্থীদের রোবোটিকসে আগ্রহী করে তুলতে জুন মাসে দেশের ৫টি জেলায় ১৪টি অ্যাকটিভেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। আরটিভি/টিআর
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ব্রোঞ্জ জয়
আরও পড়ুন
রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী
কুবিতে একযোগে সব বিভাগের পরীক্ষা নেওয়ার উদ্যোগ
বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন আম্মার
বৃহস্পতিবার যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না