ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ এএম
শ্রেণিকক্ষে পাঠদান করছেন একজন শিক্ষক। ছবি: সংগৃহীত

শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের আচরণবিধি প্রণয়ন, আকর্ষণীয় পাঠদান নিশ্চিত ও শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৫ দফা অনুশাসন বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে শিক্ষা প্রশাসন।

কর্মপরিকল্পনা অনুযায়ী, সারা দেশে স্কুল-কলেজের শ্রেণিকক্ষে অভিন্ন পাঠ পরিকল্পনা ও রুটিন বাস্তবায়ন, ক্লাসরুমে মানসম্মত পাঠদান নিশ্চিত করা, শিক্ষকদের পাঠদানের লাইভ মনিটরিং, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সহশিক্ষা কার্যক্রম বাড়ানো, বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কারের ব্যবস্থা এবং একটি ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ চালুর বিষয়ে শিক্ষা প্রশাসন মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া অনুশাসনগুলো বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।

আবদুল খালেক আরও বলেন, অনুশাসনগুলো একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা অনুযায়ী দৃশ্যমান করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানাতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আচরণবিধি তৈরির কাজ শুরু হয়েছে। এ সংক্রান্ত একটি খসড়া পরিমার্জন করে চূড়ান্ত বিধিমালা প্রণয়ন করা হবে।

সম্প্রতি অতিমাত্রায় রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা ও জবাবদিহিতার অভাবে শিক্ষকরা দায়িত্বহীন হয়ে পড়ছেন এবং ফলাফল বিপর্যয় ঘটছে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল খারাপ হওয়ার জন্য শিক্ষকরা তাদের দায় এড়াতে পারেন না। বিগত দিনে দেখা গেছে, শিক্ষকরা ক্লাসরুমে পাঠদানের চেয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে মনোযোগী হয়েছেন বেশি। ফলে সার্বিক ফলাফলে এর নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষকদের রাজনীতিমুক্ত রাখা ও জবাবদিহিতা নিশ্চিত করার এখন সময়ের দাবি।

যেসব নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে আসেন এবং একটি পর্যালোচনা সভায় অংশ নেন।

সভায় তিনি শিক্ষার মানোন্নয়নে ১৫ দফা নির্দেশনা প্রদান করেন। সভায় প্রধানমন্ত্রী মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ, শিক্ষক দক্ষতা ও শিক্ষা খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় উপস্থিত কর্মকর্তাদের উন্মুক্ত মতামত ও প্রস্তাবনা দেওয়ার নির্দেশনা দেন।

সভায় কার্যপত্র অনুযায়ী, উপস্থিত কর্মকর্তারা জানান, আনন্দময় শিক্ষার অভাব, দারিদ্র্য, বাল্যবিবাহ, কোচিং নির্ভরতা ও স্মার্টফোন আসক্তির কারণে মাধ্যমিকে ঝরে পড়ার হার বাড়ছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে কর্মজীবী অভিভাবকদের সন্তানদের কওমি মাদরাসায় পাঠানোর প্রবণতা দেখা যাচ্ছে। এসব সংকট নিরসনে কর্মকর্তারা শিক্ষকদের প্রত্যক্ষ রাজনীতি বন্ধে আচরণবিধি সংশোধন, গণিত ও বিজ্ঞানের শিক্ষক ঘাটতি মেটাতে অবসরপ্রাপ্তদের নিয়ে ‘শিক্ষক পুল’ গঠন, প্রশিক্ষণ মূল্যায়নে ‘এন্ড-লাইন সার্ভে’, সিসি ক্যামেরায় পাঠদানের কেন্দ্রীয় তদারকি, ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ চালু ও অভিন্ন পাঠ পরিকল্পনার সুপারিশ করেন।

এসব প্রস্তাবনা ও আলোচনার পর প্রধানমন্ত্রী ১৫ দফা অনুশাসন প্রদান করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ৬ আগস্ট এ সংক্রান্ত একটি ‘রেকর্ড অব নোটস’ ও কার্যবিবরণী শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর ১৫ দফা নির্দেশনাগুলো হলো: ১. শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, চিত্রাঙ্কন ও গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সুযোগ সম্প্রসারণ করা। ২. শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের আচরণবিধি সংশোধন ও শিক্ষকদের শিক্ষাবহির্ভূত কাজ থেকে মুক্ত রাখা। ৩. শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান নিশ্চিত করতে দেশব্যাপী সময়াবদ্ধ অভিন্ন পাঠ পরিকল্পনা ও রুটিন বাস্তবায়ন করা। ৪. দেশের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা যেন সেরা শিক্ষকদের ক্লাস গ্রহণের সুযোগ পায়, সে লক্ষ্যে একটি ডেডিকেটেড ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করা। ৫. প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনলাইনে তদারকি করা। ৬. শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য মানসম্মত ও কার্যকর প্রশিক্ষণের বিস্তৃত কর্মপরিকল্পনা ও পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা। ৭. ডেডিকেটেড প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত ভবন শিক্ষক প্রশিক্ষণের কাজে ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করা। ৮. গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক ঘাটতি মেটাতে দ্রুত শূন্যপদ পূরণ এবং শিক্ষকদের বিষয়ভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান। ৯. ভালো কাজের স্বীকৃতি হিসেবে শিক্ষকদের পদক ও পুরস্কারের মাধ্যমে পাঠদান ও নেতৃত্বগুণ বিকাশে উৎসাহিত করা। ১০. শ্রমবাজারের চাহিদা ও শিক্ষার্থীদের সামর্থ্য ও আগ্রহ অনুযায়ী কারিগরি, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষার সুযোগ বাড়ানো। ১১. শিক্ষা পরিকল্পনা প্রণয়নে কেন্দ্রীয় গবেষণা ডাটাবেজ গড়ে তোলা এবং স্থানীয় চাহিদাকে প্রাধান্য দেওয়া। ১২. ক্লাসরুমে শিক্ষকরা যেনো প্রয়োজনীয় প্রস্তুতি ও শিক্ষা উপকরণ ব্যবহার করে পাঠদান আকর্ষণীয় করেন, তা নিশ্চিত করা। ১৩. শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ গ্রহণ। ১৪. প্রশিক্ষণ কার্যক্রম মূল্যায়ন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা, যাতে শ্রেণিকক্ষে প্রশিক্ষণের বাস্তব প্রতিফলন ঘটে। ১৫. শিক্ষকদের প্রশিক্ষণ পরবর্তী ভালো চর্চা ও সফল অভিজ্ঞতা সারাদেশে বিস্তৃতির লক্ষ্যে শিক্ষকদের ‘এক্সচেঞ্জ প্রোগ্রামের ব্যবস্থা’ করতে হবে।

মাউশির তদারকি ও অগ্রগতি
প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার বেশির ভাগ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে মাউশি। গত ২০ আগস্ট অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উইংভিত্তিক দায়িত্ব বণ্টনসহ সময়াবদ্ধ কর্মপরিকল্পনা অনুমোদন দেওয়া হয়।

মাউশি জানিয়েছে, সময়াবদ্ধ কর্মপরিকল্পনার পর যেসব অগ্রগতি অর্জিত হয়েছে, মন্ত্রণালয়ে তার বিস্তারিত অগ্রগতি প্রতিবেদন পাঠানো হয়েছে।

অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চলতি সেপ্টেম্বর থেকে এআই ও প্রযুক্তিনির্ভর শিক্ষক প্রশিক্ষণ শুরু হচ্ছে। আইসিটি প্রকল্পের আওতায় ইতোমধ্যেই ৩ লাখ ৫ হাজার ২৮৮ জন শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

দক্ষ শিক্ষকদের নিয়ে ‘মাস্টার ট্রেইনার পুল’ ও ‘টিচার্স এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালুর পাশাপাশি এনসিটিবি’র সঙ্গে সমন্বয় করে অভিন্ন পাঠ পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

মাঠপর্যায়ে ডিজিটাল তদারকি জোরালো করতে প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ নম্বর পিডিএস-এ আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।

মাউশির সহকারী পরিচালকরা ‘ডিএমএস অ্যাপ’-এর মাধ্যমে শ্রেণিকক্ষের পাঠদান সরাসরি লাইভ ভিডিও কলে মনিটরিং করবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এ ছাড়া গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের শিক্ষক ঘাটতি মেটাতে বিশেষায়িত প্রশিক্ষণ, জাতীয় শিক্ষা সপ্তাহে নতুন ক্যাটাগরিতে শিক্ষদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পদক ও পুরস্কার প্রদান এবং সংসদ টিভির প্রযুক্তি ব্যবহার করে ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ চালুর খসড়া কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সহশিক্ষা কার্যক্রম নিশ্চিতেও মাঠপর্যায়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাউশি অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘প্রধানমন্ত্রীর ১৫ দফা অনুশাসন মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অত্যন্ত দিকনির্দেশনামূলক। সম্প্রতি আমরা একটি বৈঠক করে প্রতিটি উইংকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কাজ ভাগ করে দিয়েছি। একইসঙ্গে চলমান কাজসহ একটি অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষকদের এআই প্রশিক্ষণ, অ্যাপভিত্তিক লাইভ মনিটরিং ও জাতীয় শিক্ষা চ্যানেলের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে।’

অনুশাসন বাস্তবায়ন তদারকির ফোকাল পার্সন ও মাউশির উপপরিচালক (এইচআরএম) মো. শওকত হোসেন মোল্ল্যা বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো শতভাগ বাস্তবায়নে নিবিড় মনিটরিং নিশ্চিত করা হচ্ছে। কোন প্রতিষ্ঠান কীভাবে কাজ করছে, তা সরাসরি তদারকি করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কিছু সিদ্ধান্ত স্বল্পমেয়াদী হওয়ায় দ্রুত বাস্তবায়ন সম্ভব হচ্ছে ও কিছু বিষয় ইতোমধ্যেই চলমান রয়েছে। তবে ‘জাতীয় শিক্ষা চ্যানেল’ চালুর মতো কারিগরি বিষয়গুলো নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনার সমন্বয়ে শতভাগ বাস্তব রূপ দেওয়া হবে। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল আজ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। দুপুর ৩টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল আজ
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ
২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কাজ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ
প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ
সারাদেশের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রাথমিক ও মাধ্যমিকের ভর্তি নির্দেশিকা প্রকাশ
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
অপ্রয়োজনীয় বিভাগ খুলে শিক্ষিত বেকার তৈরির সুযোগ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ নভেম্বর) ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানায় পরিণত করা যাবে না। আর এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, এখন যেগুলো আগে অ্যানাউন্স করে খোলা হয়েছে, শিক্ষক রাজনীতির জন্য খোলা হয়েছে, স্টুডেন্ট পলিটিকসের জন্য খোলা হয়েছে। এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার আগে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা, বর্তমান শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগ বিবেচনা করতে হবে। কেবল বিভাগ খোলার জন্য বিভাগ খোলা হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। এ ক্ষেত্রে যেসব বিভাগের বাস্তব প্রয়োজন নেই, সেগুলো খোলার অনুমতি না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিও আহ্বান জানান তিনি। শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের কাজ বলা এবং শিক্ষার্থীদের কাজ শোনা। তবে এই বলা ও শোনার প্রক্রিয়ার মধ্য দিয়েই উন্নয়নের পথ তৈরি করতে হবে। পরীক্ষায় নকল প্রতিরোধের পাশাপাশি উন্নত দেশগুলোর অগ্রগতির পদ্ধতি অনুসরণ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেকারত্ব কমানোর বিষয়ে নিজের উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তিনি বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে ২০৩০ সালের মধ্যে শিক্ষার্থীদের বেকারত্ব কতটা কমানো সম্ভব, তা জানতে চেয়েছিলেন। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় বাজেট দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় নয় মাসেও বেকারত্বের তালিকা দিতে পারেনি বলে অভিযোগ করেন এহছানুল হক মিলন। তিনি বলেন, বেকারত্ব কমানোর জন্য বাজেট দেওয়ার কথা থাকলেও কার্যত বেকারত্ব তৈরির কারখানা চালানোর বাজেট দিতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, পুনঃপরীক্ষার পর বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্ত মানতে রাজি নয় বলে তিনি জানতে পেরেছেন। এ কারণে তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান তিনি। আরটিভি/টিআর    
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য বড় সুখবর
বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত স্বদেশভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষা ভাতার সীমা বাড়িয়েছে সরকার। মিশনের অবস্থানভেদে এ-লেভেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পড়াশোনার জন্য বছরে সর্বোচ্চ ৩৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভাতা পাবেন তারা।  গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এ সুবিধা সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে শিক্ষা ভাতার সীমা নির্ধারণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।  প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম গ্রুপের ১৫টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য বছরে ২৫ হাজার এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ হার যথাক্রমে ২৫ হাজার ও ৩৮ হাজার ডলার। এ গ্রুপে বেইজিং, সিউল, টোকিও, জাকার্তা, দোহা, ব্রাসেলস, জেনেভা, হেগ, স্টকহোম, ওয়ারশ, ভিয়েনা, মিলান, প্যারিস ও মস্কোর মিশনসহ ১৫টি মিশন রয়েছে। দ্বিতীয় গ্রুপের ৪১টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়— উভয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। এ তালিকায় ক্যানবেরা, সিডনি, ওয়েলিংটন, ব্যাংকক, কুয়ালালামপুর, কাঠমান্ডু, নয়াদিল্লি, দুবাই, রিয়াদ, লন্ডন, রোম, ওয়াশিংটন, নিউইয়র্ক, অটোয়া ও ব্রাসিলিয়াসহ বিভিন্ন শহরের মিশন রয়েছে। তৃতীয় গ্রুপের ১৯টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক সন্তানের জন্য ২১ হাজার এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার দেওয়া হবে। এ গ্রুপে সিঙ্গাপুর, হ্যানয়, ম্যানিলা, চেন্নাই, মালে, কায়রো, নাইরোবি, প্রিটোরিয়া, বার্লিন ও কোপেনহেগেনের মিশনসহ ১৯টি মিশন রয়েছে। চতুর্থ গ্রুপের নয়টি মিশনে এ-লেভেল পর্যন্ত এক সন্তানের জন্য ২০ হাজার ৫০০ এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ হার যথাক্রমে ২১ হাজার ও ২৫ হাজার ডলার। এ গ্রুপে কুনমিং, কলম্বো, কলকাতা, গৌহাটি, আগরতলা, তাসখন্দ, মাস্কাট, রাবাত ও পোর্ট লুইসের মিশন রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা ব্যয়ের ১৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে নিজে বহন করতে হবে। ভাতার অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা অন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠাতে হবে; ব্যক্তিগত হিসাবে দেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠান এককালীন পুরো ফি দাবি করলে যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে এবং নিজ অংশ মিশনের হিসাবে বা সংশ্লিষ্ট হিসাব কোডে পরিশোধ করতে হবে।  ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ সীমিত এমন দেশে কর্মরত কর্মকর্তা সন্তানকে অন্য ইংরেজিভাষী দেশে পড়ালেও নিজ কর্মস্থলের মিশনের জন্য নির্ধারিত ভাতার সীমা প্রযোজ্য হবে। আগের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। আরটিভি/এসআর
বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য বড় সুখবর
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ
প্রধানমন্ত্রীর বক্তব্য ‘ভুলভাবে উপস্থাপন’ করেছে ভারতীয় গণমাধ্যম
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী