
“কৌতূহল থাকুক অফুরন্ত, জ্ঞান হোক বিকশিত” এই প্রতিপাদ্য সামনে রেখে দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারে নাম নিবন্ধন শুরু হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিস্কলার আয়োজক কমিটি।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
আয়োজকরা জানান, উইকিস্কলারের পুরো পাঠ্য তালিকা বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ দিয়ে সাজানো। প্রস্তুতি নিতে শিক্ষার্থীদের সরাসরি উইকিপিডিয়ায় গিয়ে পুরো নিবন্ধ পড়তে হয়। শিক্ষার্থীরা মুক্ত জ্ঞান ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই মূলত এই প্রতিযোগিতার উদ্দেশ্য।
আয়োজকরা আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের এই সময়ে যেন উত্তরের উৎস খুঁজে দেখতে ও তথ্য যাচাই করতে শেখে, সেটিই এই আয়োজনের অন্যতম লক্ষ্য এবং যা উইকিপিডিয়া নিবন্ধ সঠিকভাবে পাঠ করার মাধ্যমে সহজেই গড়ে উঠতে পারে।
প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আয়োজক কমিটির সদস্য সচিব মাসুম আল হাসান রকি। এছাড়া উপস্থিত ছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রতিযোগিতার সহ-সভাপতি শাবাব মুস্তাফা ও যুগ্ম-সচিব মুহাম্মদ ইয়াহিয়া।
একনজরে বিস্তারিত ও আবেদনের নিয়ম:
>>> প্রতিযোগিতার নিবন্ধন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত এবং এতে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে। প্রথম পর্ব, অর্থাৎ অনলাইন প্রাথমিক পর্ব, অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর। মোবাইল ফোন, ট্যাবলেট বা কম্পিউটার থেকে অংশ নেওয়া যাবে। প্রশ্ন হবে বাংলায়, জ্ঞানমূলক ও বিশ্লেষণধর্মী দুই ধরনের।
>>> শিক্ষার্থীর অভিভাবক wikischolar.bd ঠিকানায় অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ করবেন। নিবন্ধন শেষে প্রত্যেক শিক্ষার্থী একটি উইকিস্কলার আইডি পাবে।
>>> দেশের ৬৪ জেলাকে ছয়টি নদীর নামে ছয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলের অনলাইন পরীক্ষার মাধ্যমে নির্বাচিতরা অংশ নেবে সরাসরি অনুষ্ঠেয় আঞ্চলিক পর্বে, যেখানে প্রতিযোগিতার পাশাপাশি থাকবে কর্মশালা ও সচেতনতামূলক সেশন।
>>> আঞ্চলিক পর্বের সম্ভাব্য সময়সূচি: পদ্মা অঞ্চল ২ জানুয়ারি, তিস্তা অঞ্চল ৯ জানুয়ারি, কর্ণফুলী অঞ্চল ১৬ জানুয়ারি, সুরমা অঞ্চল ২৩ জানুয়ারি, রূপসা অঞ্চল ৩০ জানুয়ারি এবং যমুনা অঞ্চল ৬ ফেব্রুয়ারি ২০২৭ (সবগুলো শনিবার)।
>>> প্রতিটি অঞ্চলের সেরা ১০ জন, মোট ৬০ জন, অংশ নেবে জাতীয় চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্ব ও জাতীয় উৎসব অনুষ্ঠিত হবে ঢাকায়, শনিবার, ৮ মে ২০২৭।
>>> এবারের পাঠ্য তালিকায় রয়েছে ইতিহাস, সাহিত্য, প্রযুক্তি, পরিবেশ ও অর্থনীতি বিষয়ে বাংলা উইকিপিডিয়ার ২৫টি নিবন্ধ: প্রথম পর্বে ১০টি, আঞ্চলিক পর্বে ১২টি এবং চূড়ান্ত পর্বে ১৬টি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলা ভাষা আন্দোলন ও সুন্দরবনের পাশাপাশি তালিকায় আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, অপতথ্য ও তথ্য নিরাপত্তা। নিবন্ধন শুরুর আগে বাংলা উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকেরা নিবন্ধগুলো হালনাগাদের পাশাপাশি মানোন্নয়ন করেছেন।
>>> জাতীয় পর্বের চ্যাম্পিয়ন পাবে একটি ম্যাকবুক, প্রথম রানার-আপ একটি ল্যাপটপ এবং দ্বিতীয় রানার-আপ একটি ই-রিডার; সঙ্গে প্রত্যেকে পাবে ১০ হাজার টাকা বিকাশ। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী পাবে ৫ হাজার টাকা করে এবং ষষ্ঠ থেকে দশম স্থান অধিকারী পাবেন ৩ হাজার টাকা করে বিকাশ। প্রতিটি অঞ্চলের সেরা তিনজন পাবে আঞ্চলিক পুরস্কার। অনলাইন পর্বে ৪০ শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীরা পাবে ডিজিটাল সনদ, আর আঞ্চলিক পর্বের সব অংশগ্রহণকারী পাবে মুদ্রিত সনদ ও স্যুভেনির।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, ছোটদের প্রযুক্তির সঠিক ব্যবহার দেখিয়ে দেওয়া আমাদেরই দায়িত্ব। একটু হাত ধরে পথ দেখানো। সেই ভাবনা থেকেই উইকিস্কলারের শুরু। আর এই ভাবনার সঙ্গে একে একে যুক্ত হয়েছেন অনেক অসাধারণ মানুষ। অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ, আপনার সন্তান ও শিক্ষার্থীকে উইকিস্কলারে যুক্ত হতে উৎসাহ দিন।
আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে wikischolar.bd ওয়েবসাইট এবং facebook.com/wikischolar পাতায়।
উল্লেখ্য, উইকিস্কলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য একটি বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা। এর পাঠ্য তালিকা সাজানো হয় বাংলা উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ দিয়ে। শিক্ষার্থীরা সরাসরি উইকিপিডিয়া থেকে পড়ে, তথ্য খোঁজা ও যাচাই করা শেখে এবং মুক্ত জ্ঞান ও উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে পরিচিত হয়। ২০২৬ সালে ঢাকা ও রাজশাহী অঞ্চলে পরীক্ষামূলক প্রথম সংস্করণের পর ২০২৭ সংস্করণে দেশের ৬৪ জেলার শিক্ষার্থীরা অংশ নিতে পারছে। আয়োজন করছে উইকিস্কলার আয়োজক কমিটি, সার্বিক সহযোগিতায় উইকিমিডিয়া বাংলাদেশ।
উইকিমিডিয়া বাংলাদেশ বাংলাদেশে নিবন্ধিত একটি অলাভজনক সংস্থা এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন অনুমোদিত চ্যাপ্টার। সংস্থাটি বাংলাদেশে উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার মুক্ত জ্ঞানের প্রকল্পগুলোর প্রসার ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় কাজ করে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরটিভি/এমএইচজে




