
করোনাভাইরাস কেড়ে নিলো বিশ্বখ্যাত কোরিয়ান চিত্রপরিচালক কিম কি দুক-এর প্রাণ। মাত্র ৫৯ বছর বয়সেই মারা গেছেন তিনি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
লাটভিয়ার হাসপাতালে মৃত্যু হয়েছে কিমের। তার ঘনিষ্ঠ মহল জানায়, সম্প্রতি লাটভিয়ায় তিনি একটি বাড়ি কেনার জন্য গিয়েছিলেন। সেখানেই করোনা আক্রান্ত হয়ে পড়েন তিনি।
জানা গেছে, গত ২০ নভেম্বর থেকে কিম কি দুক হাসপাতালে ছিলেন। তার ইচ্ছে ছিল, সমুদ্রের ধারে একটি বাড়ি কিনবেন। সেই বাড়ি কেনার ইচ্ছে নিয়ে তার লাটভিয়ায় যাওয়া।
শুক্রবার মৃত্যুর কোলে ঢলে পড়েন কিম। বিশ্বেজুড়ে খ্যাতি আছে পরিচালক কিম কি দুকের। ৬৯তম ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি গোল্ডেন লায়ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এছাড়াও বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার অ্যাওয়ার্ডেও ভূষিত হন তিনি।
কিম কি দুক মোট ২৫টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ১৯৬০ সালের ২০ ডিসেম্বর জন্ম। বিখ্যাত এই নির্মাতার প্রথম কাজ ‘ক্রোকোডাইল’। স্বল্প বাজেটের চলচ্চিত্র দিয়েই তার হাতেখড়ি। এরপর একে একে নির্মাণ করেন রিয়েল ফিকশন, বেড গাই, দ্য কোস্ট গার্ড, স্প্রিং সামার ফল উইন্টার… এন্ড স্প্রিং, সামারিটান গার্ল, দ্য বো, ড্রিম, আরিরাং, থ্রি আইরন, পিয়েতা এবং আমেন এর মতো পৃথিবী বিখ্যাত সব সিনেমা।
৫৯ বছর বয়সী এই নির্মাতার হাত ধরেই কোরিয়ান সিনেমা বিশ্ব দরবারে পরিচিতি পায়।
জিএ/পি




