
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘হিট’-এর জন্য তৈরি হলো নতুন একটি গান।
‘কে কার চেয়ে আগে যাবে/কে কাকে ক্যামনে টপকাবে।’- এমন কথার গানে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদার। এটি লিখেছেন জনি হক। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। শিগগিরই এটি মুক্তি পাবে সিনেমাওয়ালা মিউজিকের ইউটিউব চ্যানেলে।
গান প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, এখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব জায়গায় আমরা হিটের পেছনে দৌড়াতে থাকি। বেশিরভাগ মানুষের মধ্যে যেন ধৈর্যের অভাব। গানের কথায় সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, রসিকতার মোড়কে সাজানো গানটি শ্রোতাদের ভাবাবে।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে আছেন হাসান মাসুদ, সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, ইশতিয়াক আহমেদ রুমেল, মনিরা আক্তার মিঠু, মুকিত জাকারিয়া, সারিকা সাবাহ, নাজিমউদ্দিন রাজু, তানজিম হাসান অনিক, সুমাইয়া আনজুম মিথিলা, নীলাঞ্জনা নীল, মো. আবুবকর রোকন।
‘হিট’ হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ১৩তম ধারাবাহিক। এটি রচনা করেছেন মারুফ রেহমান। নাটকটি প্রচার হবে বাংলাভিশন চ্যানেলে। এছাড়া এর প্রতিটি পর্ব থাকবে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে।
জিএ




