
ওজন কমিয়ে লাইমলাইটে আসার চল তারকাদের মধ্যে হরহামেশা দেখা যায়। আলিয়া ভাট থেকে শুরু করে সারা আলী খান-বলিউডের অনেকেই ওজন কমান। এবার বলিউডের জনপ্রিয় ড্যান্স কোরিওগ্রাফার গণেশ আচার্য কমিয়েছেন ৯৮ কেজি ওজন। খবর শুনে অবাক হয়েছেন অনেকেই।
সম্প্রতি দ্য কপিল শর্মা শো-তে অতিথি হয়েছিলেন গণেশ। সেখানে তার উপস্থিতি দেখে অবাক দর্শকেরা। এই শো-তে তার সঙ্গে উপস্থিত ছিলেন ড্যান্স কোরিওগ্রাফার গীতা কাপুর এবং টেরেন্স লুইস। শো-এর হোস্ট কপিল, গণেশকে তার নতুন লুকস নিয়ে জিজ্ঞাসা করেন যে এর আগে তার কত ওজন ছিল? উওরে কোরিওগ্রাফার জানান, এর আগে তার ওজন ছিল ২০০ কেজি। দীর্ঘ দিন শরীর চর্চা করে তিনি ৯৮ কেজি ওজন কমিয়েছেন।
কপিল ব্যঙ্গ করে বলেন, ছোট ছোট শহরে ৪৬ কেজির ওজনের লোক থাকে। আর আপনি দু’জন লোক গায়েব করে দিলেন!
গণেশ আচার্য গত কয়েক বছর ধরে নিজের ফিটনেসের ওপর নজর দিয়েছেন। ঘাম ঝরানোর যথেষ্ট ছবি ও ভিডিও তার ইনস্টাগ্রাম আইডিতে নিয়মিত আপলোড করেন। যা দেখে তার ভক্তরাও প্রশংসা করেছেন।
অতীতে গণেশ আচার্য বেশ কয়েকটি ইন্টারভিউতে এবং প্রেস ইভেন্টগুলোতে নিজের ওজন কমানো নিয়ে কথা বলেছেন। ২০১৫ সালে যখন তার ওজন ২০০ কেজি ছুঁয়ে যায় তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন ওজন কমানোর।
উল্লেখ্য, সেরা ড্যান্স কোরিওগ্রাফির জন্য গণেশ আচার্য দু’বার জাতীয় পুরষ্কার পেয়েছেন। বর্তমানে তিনি অক্ষয় কুমারের 'লক্ষ্মী বম্ব' সিনেমায় এবং বরুণ ধাওয়ান অভিনীত 'কুলি নম্বর ওয়ান' ছবিতে ড্যান্স কোরিওগ্রাফি করেছেন।
জিএ




