
কমেডি কিং কপিল শর্মা আবারও বাবা হলেন। মেয়ের পর এবার ছেলের বাবা হলেন তিনি। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) টুইটে এ সুসংবাদ কপিল নিজেই জানান।
একটি টুইট করে কপিল জানান, নমস্কার। ভগবানের আশীর্বাদে আমাদের বাড়িতে আজ ভোরেই পুত্রসন্তান এসেছে। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছে। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্য ধন্যবাদ। টুইটের একেবারে শেষে কপিল এবং গিন্নি সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
কপিল ও গিন্নির সম্পর্ক বহুদিনের। ২০১৮ সালে তা পূর্ণতা পায়। জলন্ধরে বসে তাদের বিয়ের আসর। হিন্দু ও শিখ রীতি মেনে এক হয় দুটি হাত। তার ঠিক পরের বছর ২০১৯ সালে কন্যা সন্তানের জন্ম দেন গিন্নি। কপিল ও গিন্নির জীবনে আসে ফুটফুটে কন্যাসন্তান আনায়রা।
এরপর গত বছর নভেম্বরের দিকে একটি লাইভ করেছিলেন কপিল। ওই ভিডিওতে মাত্র কিছু সময়ের জন্য দেখা যায় কপিলের স্ত্রীকে। তবে ভক্তদের নজর এড়াতে পারেননি তিনি। বেবি বাম্প নজরে পড়ে অনেকের। তাতেই ভাইরাল হয়ে যায় দ্বিতীয়বার গিন্নির অন্তঃসত্ত্বা হওয়ার খবর। স্ত্রীকে দেখভাল করার জন্য পিতৃত্বকালীন ছুটিও নেন কপিল।
জিএম/পি




