
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক তারকা দল পরিবর্তন করছেন। কেউবা আবার নতুনভাবে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। গুঞ্জন শোনা গিয়েছিলো, বিজেপিতে যোগ দিবেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জী।
তবে সব জল্পনা দূর করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, দলটির প্রার্থী হিসেবে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্ধন্দ্বিতা করবেন এই সুন্দরী নায়িকা।
আজ সোমবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের দলীয় নেত্রী মমতা ব্যানার্জী নিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন কৌশানী৷ সেখানে তিনি বলেন, ‘মমতা ব্যানার্জী ভারতবর্ষের একমাত্র মহিলা নেত্রী, যিনি বিশ্বে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন।’
মমতার প্রশংসা করার পাশাপাশি এদিন তিনি বিজেপিকে উদ্দেশ্য করে টুইটারে লিখেছেন, ‘বিজেপি শাসিত রাজ্যগুলো ধর্ষণের উপকেন্দ্র হিসাবেই চিহ্নিত হচ্ছে, সেখানে দিদির কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রপুঞ্জ থেকে পুরস্কার পেয়েছে৷’
সূত্র- কলকাতা ১৮
এনএস




