
তামিল সিনেমা ‘কাঞ্চনা থ্রি’র অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি আর নেই। অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটি খুন নাকি আত্মহত্যা।
ইন্ডিয়া গিলটজ এর রিপোর্ট অনুযায়ী, স্থানীয়দের দাবি- সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে জ্যাভির। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় হতাশায় ভুগেছিলেন তিনি। আগামীতে পুলিশ এ বিষয়ে তদন্ত করতে পারে।
রাশিয়ান মডেল ও অভিনেত্রী ছিলেন জ্যাভি। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’তে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। সেখানে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। যেটির পরিচালক রাঘব লরেন্স। এরপর তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি।
২০১৯ সালে যৌন হেনস্তার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন আলেকজান্দ্রা জ্যাভি। নায়িকার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন সেই ফটোগ্রাফার। তাকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কেননা এই মর্মান্তিক মৃত্যুতে সেই ব্যক্তির কোনো যোগ আছে কি না তাও এখন তদন্তের বিষয়।
প্রসঙ্গত, যেসব দর্শক সাউথের সিনেমা অল্প বিস্তর দেখেন তারা হয়তো ‘কাঞ্চনা’ সিনেমার সব পার্ট সম্পর্কেই অবগত। এখন পর্যন্ত সাউথ ইন্ডাস্ট্রিতে ‘কাঞ্চনা’ সিনেমার সিরিজ বেশ হিট।
এনএস




