
আরটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘ফোক স্টেশন’। অনুষ্ঠানটি ইতোমধ্যে দেশজুড়ে সাড়া ফেলেছে। গেলো শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সম্পূর্ণ নতুনভাবে শুরু হয়েছে ‘ফোক স্টেশন সিজন-৪’। এবারের আয়োজনে প্রথমবারের মতো ফোক গান গেয়েছেন জনপ্রিয় সংগীত তারকা আঁখি আলমগীর।
‘ফোক স্টেশন সিজন-৪’ এর দ্বিতীয় পর্বে আঁখি আলমগীর মোট ৬টি ফোক গান গেয়েছেন। গানগুলো হলো- ১. আইছে দামান সাহেব হইয়া, ২. বসন্ত আসিল সখি, ৩. হায় বাঙালি, ৪. সাগর কূলের নাইয়া, ৫. হলুদ বাটো মেন্দি বাটো এবং ৬. বন্ধু কাজল ভ্রোমরা রে।
এই পর্বটি প্রচার হবে আগামী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে।এছাড়াও প্রতি শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে আরটিভির পর্দায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। টিভি অনএয়ারের পর গানগুলো ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে আপলোড করা হবে।
জে কে মসলিশের সঙ্গীত পরিচালায় ও নূর হোসেন হীরার প্রযোজনায় আরটিভি ফোক স্টেশন ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইউটিউবে একাধিক শিল্পীর গান কোটি ভিউস অতিক্রম করেছে।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে গান করেছেন দেশি-বিদেশি প্রায় অর্ধশত শিল্পী। আরটিভি ও ইউটিউব চ্যানেল আরটিভি মিউজিক হয়ে এই অনুষ্ঠানে গাওয়া বিভিন্ন শিল্পীর গানগুলো মানুষের মুখে মুখে ঘুরছে গ্রাম থেকে গ্রামান্তর।
এনএস




