
চলচ্চিত্রে যখন নায়ক সংকট চলছে ঠিক সেই সময়ে ‘ভালোবাসার রং’ দিয়ে নিজের চলচ্চিত্র যাত্রাকে রঙিন করেন নায়ক বাপ্পী চৌধুরী। করোনার কারণে দীর্ঘ সময় ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। প্রতীক্ষার প্রহর শেষে শুটিং শুরু করছেন হালের আলোচিত এই চিত্রনায়ক। সিনেমার নাম ‘জয় বাংলা’। এটি পরিচালনা করবেন কাজী হায়াৎ।
এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, ‘কাজী হায়াতের মতো সাড়া জাগানো চিত্র নির্মাতার সঙ্গে অভিনয়ের বিষয়টিই আলাদা। সিনেমাটির শুটিংয়ের জন্য আমি অপেক্ষায় আছি। এরপর পর্যায়ক্রমে অন্যান্য অসমাপ্ত ছবিগুলোর শুটিংও শুরু করবো। আমার হাতে যে চলমান ছবিগুলো আছে তার প্রতিটির গল্পই বেশ শক্তিশালী।’
এরইমধ্যে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’ এবং বেলাল সানির ‘ডেঞ্জারজোন’ সিনেমার শুটিং শেষ করেছেন বাপ্পী। অসমাপ্ত রয়েছে গাজী জাহাঙ্গীরের পরিচালনায় ‘প্রেমের বাঁধন’, দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’, সাফিউদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’, ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের ‘কোভিড-১৯’।
কিছুদিন আগে অপূর্ব রানার পরিচালনায় ‘যন্ত্রণা’ নামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী। এদিকে সেন্সর ছাড়পত্র পেয়ে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ী জিন্দাবাদ-২’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া নতুন আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের কথা চলছে এই অভিনেতার। অল্প সময়ের মধ্যেই এগুলোতে চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করবেন তিনি।
‘৫৭০’ চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা জানিয়ে বাপ্পী আরটিভি নিউজকে জানান, ‘এই রকম একটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ হওয়াতে আমি নিজেকে সৌভাগ্যবান ব্যক্তি মনে করি। বলতে পারেন, এই কাজটি হলো আমার মনের খোরাক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনটি খুব ঘটনাবহুল ও বেদনার। তেমনই ঘটনাবহুল বঙ্গবন্ধুর মৃত্যু থেকে দাফন পর্যন্ত সময়। এই বিষয়গুলো সেলুলয়েডের পর্দায় দেখা যাবে।’
চলচ্চিত্রের বর্তমান সংকট কাঠিয়ে ওঠা প্রসঙ্গে এই চিত্রনায়কের ভাষ্য, ‘সবার আগে গল্প নিয়ে ভাবতে হবে। আগের যারা আছেন তাদের বর্তমানের সঙ্গে তাল মিলাতে হবে। যেকোনো কাজ করা যাবে না, ভেবে চিন্তে কাজ করা উচিত সকলের। তবে আমি বিশ্বাস করি চলচ্চিত্রের সুদিন ফিরবে।’
এনএস




