
নায়ক, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের একটি হাসপাতালে গত ১ মাস ধরে সাধারণ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তার আগে প্রায় ৭ মাস ধরে ওই হাসপাতালের আইসিইউতে ছিলেন।
রোববার (৩১ অক্টোবর) সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমে বলেন, “আপনাদের মিয়া ভাই ১ মাস যাবৎ কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। আরও কিছুদিন লাগবে ঠিক হয়ে যেতে। তার জন্যে দোয়া করবেন সবাই।”
চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ২১ মার্চ থেকে আইসিইউতে আছেন কিংবদন্তি এই অভিনেতা।
এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।
তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপি এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ছবিগুলো।
কেইউ/এসকে




