
‘প্রফেসর’, একটা নামই যথেষ্ট। স্পেনের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছেন তিনি। সের্গিও ওরফে আলভারো মর্তের চরিত্র নিয়ে উন্মাদনা যেন দিনদিন বেড়েই চলেছে। যদি বলিউড থেকে সেই চরিত্রের জন্য কাউকে বেছে নেওয়া হয়? হিন্দি ভাষায় যদি ‘মানি হেইস্ট’ তৈরি হয়? তাহলে কেমন হতে পারে বিষয়টি।
এমন আশা তো অনেকেই করেছেন। এ বার নাকি তা পূরণ হতে চলছে। বলিউড পরিচালক জুটি আব্বাস-মাস্তানের হাত ধরে আসছে ‘থ্রি মাঙ্কিজ’। ভারতীয় গণমাধ্যম এমনটাই দাবি করছে, সিনেমাটি স্প্যানিশ ওয়েব সিরিজটির ধাঁচে তৈরি হবে।
সিনেমাটিতে প্রফেসরের চরিত্রে নায়ক অর্জুন রামপালকে দেখা যাবে বলে জানা গিয়েছে। আব্বাসের ছেলে মুস্তাফাও অভিনয় করবেন এতে। তিন ডাকাত এবং প্রফেসরের গল্প। তাদের মূল উদ্দেশ্য একই সূত্রে গাঁথা। কিন্তু গোপনে তারা নিজেদের স্বার্থের জন্য লড়াই করে চলেছেন।
আন্তর্জাতিক রোমাঞ্চকর গল্প, ছবি বা ওয়েব সিরিজকে তুলে এনে তাতে ভারতীয় ছোঁয়া দিতে দক্ষ আব্বাস। আশা করা যাচ্ছে এ বারও জনপ্রিয় স্প্যানিশ সিরিজে তিনি দেশীয় স্বাদ আনতে সক্ষম হবেন। চলতি মাসের শেষে এই সিনেমার শুটিং শুরু হবে। মুম্বাই থেকে শুরু করে দেশের একাধিক জায়গা এর দৃশ্যধারণ করা হবে।
২০২২ সালের শেষের দিকে মুক্তি পাবে ‘থ্রি মাঙ্কিজ’। রাষ্ট্রের বিরুদ্ধে গড়ে তোলা প্রতিবাদের গল্প এ বার কোন রূপ নেয়, সেটাই দেখার। ‘বেলা চাও’ গানও নাকি থাকছে এ চলচ্চিত্রে।
কেইউ/এসকে




