
দেশের সেরা করদাতাদের উৎসাহিত করতে ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ তালিকায় রয়েছেন শোবিজ অঙ্গনের ৬ তারকা। গেলো বুধবার (১৭ নভেম্বর) ২০২০-২১ করবর্ষের সেরা করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন শ্রেণিতে এ বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে।
তাদের মধ্যে অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে আছেন সুবর্ণা মোস্তফা, বিদ্যা সিনহা মীম, বাবুল আহমেদ। সংগীতশিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন তাহসান খান, কুমার বিশ্বজিৎ ও এসডি রুবেল।
ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তার স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন।
এছাড়াও আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।
ব্যক্তিপর্যায়ে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের মধ্যে বিশেষ শ্রেণিতে পাঁচটি বিভাগ রয়েছে: সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ। আর আয়ের উৎস বা পেশার মধ্যে ক্যাটাগরি ১৩টি: ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, শিল্পী (গায়ক-গায়িকা) এবং অন্যান্য।
এবার বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৫ জন করদাতাকে কর কার্ড দিচ্ছে এনবিআর।পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠান এ সম্মাননা পাচ্ছে।
এনএস/এসকে




