
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবনী নিয়ে সিনেমা বানাতে চান টালিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। বুধবার (৮ ডিসেম্বর) স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন সৃজিত। সেখানেই এমন ইচ্ছার কথা প্রকাশ করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই পরিচালক।
সৃজিত মুখার্জি বলেন, ‘সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণের ইচ্ছা রয়েছে। তাকে নিয়ে এখনো কোনো চলচ্চিত্র কেন হয়নি সেটাই ভাবছি। তিনি এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এতদিনে তার বায়োপিক নির্মাণ নিয়ে হুড়োহুড়ি লেগে যাবে! তিনি যদি বায়োপিক নির্মাণে আগ্রহী হন, তবে অবশ্যই তা আমার বানানোর আগ্রহ রয়েছে।’
বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকা টেস্টে সাকিবের ব্যাটিংয়ের একটি ছবি দিয়ে সৃজিত লিখেন, ‘সাকিব- আমাদের সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার।’
যদিও এখন সেরা ছন্দে নেই সাকিব। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে স্রোতের বিপরীতে অবশ্য কিছুটা সময় লড়েছেন। ফিরেছেন ৩৩ রানে। তবে তার পুরো ক্যারিয়ারটাই সাফল্যে মোড়ানো।
শুধু সাকিব আল হাসানই নন, প্রাক্তন ক্রিকেটার রকিবুল হাসানের বায়োপিক নির্মাণেও আগ্রহী সৃজিত। এ বিষয়ে তিনি বলেন, ‘শুধু সাকিব আল হাসানই নন, রকিবুল হাসানের যে ঘটনা ব্যাটে জয় বাংলা লিখে খেলতে নামা, যে প্রতিবাদ, সেই সময়ের পাকিস্তান দল আর মুক্তিযুদ্ধের সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক সেই ঘটনা নিয়েও আমার খুবই ইচ্ছা সিনেমা বানানোর।’
কলকাতার একটি ক্রিকেট ম্যাচের স্মৃতচারণ করে সৃজিত বলেন, ‘সাকিবের খেলা দেখে মন জুড়িয়ে গেছে। মনে আছে কলকাতার ইডেন গার্ডেন্সে আজারউদ্দিন পর পর ৫টা চার মেরে ম্যাচ জিতিয়েছিল। মিরপুরে এসে সেই স্মৃতি মনে পড়ছে।’
ক্রিকেটের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট জিনিসটাই আমার কাছে অন্যরকম। ক্রিকেটই আমার প্রথম প্রেম। এই প্রেমের সঙ্গে অন্য কোনো প্রেমের সম্পর্ক নেই। সব কিছুর ঊর্ধ্বে ক্রিকেট।
উল্লেখ্য, সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। করোনা সংকটের কারণে এতদিন তা থেমে আছে, এমনটাই জানিয়েছিলেন সাকিব। তবে এটি কে নির্মাণ করছেন তা জানাননি এই অল রাউন্ডার।
এনএস/টিআই




