
প্রতারণার শিকার হয়েছিলেন অভিনেত্রী রুবিনা দিলায়ক। সে সময় নিজের স্বপ্নের বাড়ি ও গাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন ‘বিগ বস ১৪’র বিজয়ী।
রুবিনা দিলায়ক জানিয়েছেন, ২০১১ সালে এক প্রযোজক তার সঙ্গে প্রতারণা করেছিলেন। তিনি এই অভিনেত্রীর পারিশ্রমিকের ১৬ লাখ টাকা আটকে রেখেছিলেন। টাকা কখন পাবেন, আদৌ পাবেন কি না, তা কিছুই বুঝে উঠতে পারছিলেন না এই অভিনেত্রী। ন’মাস কেটে যাওয়ার পরে প্রযোজকের সঙ্গে দেখা করেন রুবিনা।
এই অভিনেত্রীর ভাষ্য, আমার ১৬ লাখ টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু নানা বাহানায় আমার টাকা কেটে রাখা হয়। আমার বিরুদ্ধে ৯টি অভিযোগ তোলা হয়, যা সত্যি নয়।
রুবিনা বলেন, একবার একটা পোকার কামড়ে আমার জ্বর এসেছিল। দুই-তিন ঘণ্টা কাজ করতে পারিনি। হিসেবের খাতায় সেটি লেখা হয় এবং সেই কয়েক ঘণ্টার জন্য আমার ১ লাখ ৪৫ হাজার টাকা কেটে নেওয়া হয়। আমার পকেট থেকে সেই টাকাটা গিয়েছিল।
প্রযোজকদের জন্য বেশ সমস্যায় পড়েছিলেন রুবিনা। তিনি বলেন, 'আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। আমাকে আমার বাড়ি বিক্রি করে দিতে হয়েছিল। স্বপ্নের শহরে আমার নিজের বাড়ি, গাড়ি বিক্রি করে দিয়েছিলাম। ইএমআই দেওয়ার জন্য আমাকে এগুলো করতে হয়েছিল। কারণ ভয় আর চিন্তা নিয়ে বাঁচতে চাইনি।'
তবে কঠিন সময় কাটিয়ে এখন নিজেকে গুছিয়ে নিয়েছেন রুবিনা। আপাতত একাধিক কাজ নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী।
সূত্র: আনন্দবাজার
এনএস/এসকে




