
ছোট থেকেই তার স্বপ্ন ছিল তিনি বলিউডের নায়িকা হবেন। সেই সুযোগ আসে এক বিজ্ঞাপনের মধ্য দিয়ে। একজন মডেল হয়েই যাত্রা তার। তারপর বলিউডে আগমন এবং নিয়মিত হওয়া।
সেই অর্থে নায়িকা এখনও হতে পারেননি তবে সিনেমার সাফল্যে আইটেম গার্ল হিসেবে বলিউডে আপাতত নোরার বিকল্প নেই। সম্প্রতি মুক্তি পাওয়া নোরার গান ‘কুসু কুসু’ বেশ সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। নোরার গান মানেই ব্যবসা সফল।
ভক্তরাও অপেক্ষায় থাকেন তার গানের জন্য। বলিউডের সেরা ড্যান্সারদের মধ্যে একজন তিনি। এবার নতুন লুকে আসতে চলেছেন। নেট দুনিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়েছে তার নতুন লুক। যেখানে তাকে ‘মৎস্যকন্যা’ হিসেবে দেখো গেছে। তার ছবি দেখে বোঝা যাচ্ছে ভক্তরা এবার নতুন এক নোরাকে দেখতে চলেছেন।
তিনি ইনস্টাগ্রাম আইডিতে ছবিও প্রকাশ করেছেন। সেখানে নোরা লিখেছেন, ‘আমি সব সময় সৃজনশীল কাজগুলোতে বেশি উত্তেজিত থাকি। চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমার কাছে যখন কাজটির প্রস্তাব আসে তাতে আমি রাজি হই। আমি মনে করি মৎস্যকন্যারা খুব রহস্যময় হয়। ছোটবেলায় আমি প্রচুর কার্টুন দেখতাম। তখন থেকেই মৎস্যকন্যাদের ভালো লাগে।’
তিনি যতটা সহজ ভেবেছিলেন তেমনটা নয়। পোশাকটি পরার পর বুঝতে পেরেছিলেন এটি নিয়ে চলাচল কষ্টের। পোশাকটির ওজন ছিল ১৫ কেজিরও বেশি। নোরা জানান, পোশাকটি লেটেক্স এবং সিলিকন দিয়ে তৈরি করা হয়। নতুন গানের পোশাকটি তৈরি করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তিন মাসেরও বেশি সময় লেগেছে বানাতে। গানের দৃশ্যের জন্য তাকে দীর্ঘসময় জলে থাকতে হয়েছিল।

তিনি আরও লিখেছেন, ‘ক্যামেরার মুখোমুখি হওয়ার সময় আমাকে সুন্দর এবং আবেদনময়ী দেখাচ্ছিল। কিন্তু এরকম পোশাক পরে শুটিং করা কঠিন ছিল। আমি ব্যথা পেয়ে কান্নাকাটিও করে ছিলাম। এ পোশাক পরে আমি নিজে থেকে যে নড়াচড়া করব তারও কোনো উপায় ছিল না।’ বস্কো মার্টিস পরিচালিত গানটি কবে প্রকাশ হবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানাননি নোরা।
কেইউ/এসকে




