
বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। শুধু তারা নয়, ভারতীয় মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে তাদের দুই ছেলেও। এবার পরীক্ষার প্রশ্নেও জানতে চাওয়া হলো এই দম্পতির ছেলের নাম!
ভারতের মধ্য প্রদেশের খান্ডোয়ার এক স্কুলের ষষ্ঠ শ্রেণীর প্রশ্নে সাইফ-কারিনার ছেলের পুরো নাম জানতে চাওয়া হয়েছে। সেই প্রশ্নপত্রের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
প্রশ্নে লেখা ছিল, ‘কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের ছেলের পুরো নাম কী?’ এই প্রশ্ন দেখে চরম অসন্তুষ্ট অভিভাবকরা। তারা শিক্ষা বিভাগে অভিযোগ দায়ের করেছেন। স্কুল ম্যানেজমেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
খান্ডোয়া জেলা শিক্ষা আধিকারিক সঞ্জীব ভালেরাও বলেছেন যে বিষয়টি তার নজরে এসেছে। তিনি বলেন, ‘স্কুলকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে। স্কুলের প্রতিক্রিয়ার ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

বলিউডের স্টারকিডদের নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে। ছোটবেলা থেকেই লাইমলাইটে সাইফ-কারিনার বড় ছেলে তৈমুর আলি খান। তার ফ্যান-ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। ২০১৬ সালের ২০ ডিসেম্বর জন্ম নেওয়া তৈমুর সম্প্রতি ৫ বছর পূর্ণ করেছে। চলতি বছর পৃথিবীতে এসেছে এই তারকা দম্পতির দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলি খান।
কারিনা কাপুর অভিনীত পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এই সিনেমায় আমির খানের বিপরীতে দেখা যাবে তাকে। টম হ্যাঙ্কস অভিনীত হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’।
এই সিনেমায় দেখা যাবে, আমির ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিক কাজে অবদান রাখছেন, তবে সবই নিজের অজ্ঞাতসারে। আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করছে ভায়াকম। পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমাখ্যাত আদভাইত চন্দন।
এনএস/এসকে




