
দেশের খ্যাতিমান অভিনেত্রী অপি করিম ও নির্মাতা-স্থপতি এনামুল করিম নির্ঝর দম্পতির প্রথম সন্তান রশ্মি রুয়াইদা করিম। গতকাল (২৮ ডিসেম্বর) ছিল রশ্মির প্রথম জন্মদিন। তাই বিশেষ দিনটি একটু অন্যরকমভাবে কাটিয়েছেন অপি-নির্ঝর। মেয়েকে নিয়ে দিনভর বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ছিলেন এই দম্পতি।
জানা গেছে, নগরীর গাবতলীর ‘সুইচ বিদ্যানিকেতন’, দিপনগর শাখায় হাজির হয়েছিলেন অপি-নির্ঝর। সেই স্কুলের সব শিক্ষার্থী সুবিধাবঞ্চিত। স্কুলের শিশুরাই গান, আড্ডা, কেককাটাসহ নানা পর্বের আয়োজন করে। এমনকি উপহার হিসেবে অপির কাছে হাতে আঁকা পেইন্ট তুলে দেয় তারা।
অপি করিম বলেন, ‘আমাদের সন্তানরা যেন নিজেদের উঁচু-নিচুর শ্রেণিবিন্যাস থেকে মুক্ত থেকে সব মানুষকেই সমানভাবে দেখতে পারে, সবাইকে আপন করে নিতে পারে, সেই শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।'
তিনি আরও বলেন, 'সাধারণত বিভিন্ন পার্টি সেন্টারে আমরা জন্মদিন পালন করি। এসব বাচ্চা সে রকম উৎসব কখনো দেখে না। এতে আমাদের সন্তানদের মধ্যেও ওই ধরনের একটা আভিজাত্যপূর্ণ মনোভাব সবসময় কাজ করে। ফলে তারা নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ভাবতে পারে না। সুতরাং ছোটবেলা থেকেই যদি ওদের মধ্যে ভাবনাটা আমরা দিয়ে দিতে পারি তাহলে ধনী-গরিবের যে উঁচু-নিচু শ্রেণিবিভেদ আমাদের সমাজে আছে, সেটা দূর হবে বলেই আমার বিশ্বাস।’
প্রসঙ্গত, ‘সুইচ বিদ্যানিকেতন’ স্কুলটি পরিচালনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিক্যালের শিক্ষার্থীদের নিয়ে তৈরি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান জানান, শুরু থেকেই স্কুলটির সঙ্গে যুক্ত আছেন এই তারকা দম্পতি। আর তাদের সন্তানের জন্মদিনটি এভাবে কাটানো একটি উদাহরণ।
এনএস




