
আর একদিন পর শেষ হবে ২১ সাল। নতুন দিনের স্বপ্ন নিয়ে আসবে নতুন বছর। এ উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘মিস্টার বেফাঁস’।
শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ সজীব। এতে অভিনয় করেছেন যাহের আলভী, মিহি, আনন্দ খালেদ, লিওনা লি, সামিয়া নাহি ও কাদেরী।
নাটকের গল্পে দেখা যাবে, সোয়েব বেফাঁস কথা বলায় ওস্তাদ। সে কোনো কিছু না ভেবেই বেফাঁস কথা বলার কারণে সবাই ভোগান্তির শিকার হয়। সে নিজেও ভোগান্তিতে পড়ে। এমনকি অফিসের বসকে একের পর এক বেফাঁস কথা বলার কারণে একপর্যায়ে তার চাকরি চলে যায়।
শাওলী নামের এক মেয়ে সোয়েবকে ভালোবাসে। সোয়েবের ভাষায় শাওলীর মতো রংবাজ টাইপের মেয়ের সাথে কোনো প্রকার রিলেশনে যাওয়া তার পক্ষে সম্ভব না। শাওলী সোয়েবের বোন ও দুলাভাইকে ম্যানেজ করে সোয়েবকে তার বাবার সাথে দেখা করিয়ে দেয়। সেখানে গিয়েও শোয়েব শাওলী সম্পর্কে, তার ক্যারিয়ার সম্পর্কে বেফাঁস কথা বলে বের হয়ে চলে আসে। এভাবে নানা মজার মজার ঘটনা দিয়ে নাটক এগিয়ে যায়।
এনএস/টিআই




