
ছোট পর্দায় বেশ ব্যস্ত সময় পার করছেন তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী সাবিনা রিমা। একাধিক নাটক ও সিরিয়ালের কাজ নিয়ে তার এই ব্যস্ততা। কাজ করতে গিয়ে নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন রিমা। যদিও এমন একটি চরিত্রে কাজের ইচ্ছে তার বহুদিনের। অবশেষে ভিন্নধর্মী সেই চরিত্র পেলেন তিনি।
রিমার সেই পছন্দের চরিত্র হলো পুরোটাই বাঙালিয়ানা নারীর রূপে পর্দায় আবির্ভূত হওয়া। এবার তেমনি একটি চরিত্রে কাজ করছেন তিনি। পর্দায় তাকে হিন্দু স্ত্রীর চরিত্রে দেখবেন দর্শক।
‘অপরাজিতা’ ধারাবাহিক নাটকে রিমাকে এধরণের চরিত্রে দেখা যাবে। নাটকটি দীপ্ত টিভিতে দেখানো হবে।
এ ব্যাপারে সাবিনা রিমা আরটিভি অনলাইনকে বলেন, আমার অভিনীত বেশির ভাগ কাজগুলোতেই মডার্ন মেয়ের চরিত্রে দেখানো হয়েছে। এবার প্রথম একটি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছি। খুবই ভালো লাগছে। আমি মন দিয়ে অভিনয়টাই করে যেতে চাই। আর এমন একটি বাঙালি চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল দীর্ঘদিনের। মজা নিয়েই কাজটি করছি।
‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ নামে সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। আবারো কবে রিমাকে বড় পর্দায় দেখা যাবে? জবাবে তিনি বলেন, শুধু নাচ গান নির্ভর না গল্প নির্ভর চরিত্রে কাজ করতে চাই। আর সেটা হতে হবে নারী প্রধান। এখন তেমনি একটি সিনেমার অপেক্ষায় আছি। যদি সুযোগ আসে তাহলে করবো। না হলে অপেক্ষায় থাকব তেমনি একটি কাহিনির জন্য।
সম্প্রতি রিমা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হৃদয়ের আয়না’র টাইটেল গান ইউটিউবে প্রকাশ হয়েছে। এরই মধ্যে গানটিতে রিমার সাবলীল উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের। খুব শিগগিরই স্বল্পদৈর্ঘ্যটি অনলাইনে প্রকাশ হবে বলে জানালেন রিমা।
এইচএম




