
এম এইচ রিজভী একাধারে গীতিকার, সুরকার, সংগীতশিল্পী ও আবৃত্তিকার। মাঝে মধ্যে অভিনয়ও করেন। গত বছর কুমার শানু, নচিকেতা, আসিফ আকবর, সালমান আলি, ইমরানসহ বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রথম সারির শিল্পীদের গানের মিউজিক ভিডিও পরিচালনা করেন, যা মিডিয়া পাড়ায় বেশ আলোচিত হয়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) রিজভীর জন্মদিন। জন্মদিন উপলক্ষে সন্ধ্যা ৬টায় প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিক্স সিজন্স মাল্টিমিডিয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ‘মনের আগুন’ শিরোনামের মিউজিক ভিডিও আত্মপ্রকাশ করছে। চমৎকার এ গানটির কথা লিখেছেন রবিউল আউয়াল সরকার এবং সুর ও সংগীত করেছেন টি আর রোমান্স।
রিজভী বলেন, ‘শুরুটা গান গাওয়ার মধ্য দিয়ে হলেও ইদানিং নিজের জন্য খুব একটা গান করার সময় হচ্ছে না। তবে ইচ্ছা প্রকাশ করছি নিয়মিত বিরতিতে গান করার।’
গানটির ভিডিওতে মডেল হিসেবে ছিলেন ফাইরাজ রিজভী এবং এস কে তৃষ্না। ডিওপি ইয়াসিন বিন আরিয়ান। ভিডিও পরিচালনায় ছিলেন রিজভী নিজেই। উল্লেখ্য, খুব শিগগিরই এম এইচ রিজভী নাটকের ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।




