
নতুন রূপে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। ফের সিক্স প্যাক বানানোর মিশনে নেমেছেন তিনি। প্রতিদিন চার ঘণ্টা শরীরের যত্ন নিচ্ছেন, খাচ্ছেন কুসুম ছাড়া আটটি ডিম।
এ প্রসঙ্গে জায়েদ খান একটি গণমাধ্যমকে জানান, ‘নিজেকে প্রস্তুত করছি। ভাত খাওয়া কমিয়ে দিয়েছি। নিয়ম করে মাছ, দুধ, ডিম, পিনাট বাটার ও বাদাম খাচ্ছি। এ ছাড়া প্রতিদিন কুসুম ছাড়া আটটি করে ডিম খেতে হচ্ছে। জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন।’

তিনি আরও বলেন, ‘এর আগেও সিক্স প্যাক বানিয়েছিলাম। কিন্তু নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন সেই দুই প্যাক উদ্ধারে নেমেছি। নায়কদের শরীর সবসময় পারফেক্ট রাখা দরকার।’
নতুন সিনেমা প্রসঙ্গে নায়কের ভাষ্য, ‘নতুন কোনো কাজের খবর জানালেই অনেকেই আমার পেছনে লাগেন। যারা কাজ দেয়, তাদের নানা কথা বলে আমাকে কাজ থেকে দূরে সরিয়ে দেন। আমাকে নিয়ে নিয়মিত চক্রান্ত হয়। সামনে কিছু বড় বাজেটের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হবো। সেগুলো নিয়ে এখনই কথা বলতে চাই না।’
সম্প্রতি পিরোজপুরে ‘সোনার চর’ সিনেমার শুটিং শেষ করেছেন জায়েদ খান। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। এতে জায়েদ খান ছাড়াও অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।




