
বলিউডের এ প্রজন্মের অভিনেত্রী শমিতা শেঠি। ‘মোহাব্বাতেন’ ছবির মাধ্যমে ২০০০ সালে বলিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। তবে ওই ছবিতে উদয়ের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য আজও মাশুল দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন শমিতা। এমনকি কটাক্ষের শিকারও হয়েছিলেন নেটিজেনদের।
পর্দায় চুমু খেয়ে পরিবারের সঙ্গে ঝামেলার সম্মুখীন হয়েছেন বলিউডের অনেক তারকাই। শিল্পা শেঠির ছোট বোন শমিতার সঙ্গেও সেই একই ঘটনা ঘটে। সম্প্রতি সম্প্রতি একটি সাক্ষাৎকারে উদয়ের সঙ্গে অন্তরঙ্গ সেই দৃশ্যের প্রসঙ্গে মুখ খুলেছেন শমিতা।
তিনি বলেন, এই ছবির একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্যই আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বাবা। প্রথম ছবিতে উদয় চোপড়ার সঙ্গে আমার চুম্বনদৃশ্য দেখে রীতিমতো গম্ভীর হয়ে যান তিনি। দীর্ঘদিন আমার সঙ্গে কথা বলেননি।

অভিনেত্রী আরও বলেন, আমার স্পষ্ট মনে আছে, প্রায় এক মাস আমার সঙ্গে কথা বলেননি তিনি। আর যেহেতু আমি বাবার খুব কাছের ছিলাম, তাই এই ঘটনায় অনেক ভেঙে পড়েছিলাম। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিতে এটা সহজ হয়ে যায়। আর তখন বাবাও সেটা বুঝতে পারেন সব। ওই ছবির পর পর্দায় আর কখনও কাউকে চুম্বন করিনি আমি।
ইদানীং অন্তরঙ্গ দৃশ্য বা চুম্বনদৃশ্য বলিপাড়ায় খুব সহজ ব্যাপার হলেও দু’দশক আগেও পর্দায় অনেক অভিনেত্রীই এসব দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। অনেকের কাছেই এমন দৃশ্যে অভিনয় নিষিদ্ধ ব্যাপার ছিল তখন।
তবে উদয়কে চুমু খেয়ে কটাক্ষের শিকার হওয়ায় মানসিক সাপোর্ট দেন অভিনেত্রীর বড় বোন শিল্পা। তিনি সে সময় তাকে শিখিয়েছিলেন, এ সব নিয়ে অভিযোগ করা বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।
উল্লেখ্য, ‘বিগ বস ১৫’-এ অংশগ্রহণের পর ব্যাপক জনপ্রিয়তা পান শমিতা। অভিনেত্রীর দৃঢ় ব্যক্তিত্ব ও প্রতিবাদী ভাবমূর্তির জন্য অনেকের কাছেই প্রিয় হয়ে ওঠেন তিনি।




