
সেদিন ছিল বৃহস্পতিবার ৫টা ৩০মিনিট। উত্তম আকাশ আর আমি তোর সঙ্গে কথা বলছিলাম সাউন্ড কমপ্লেক্সে (এফডিসির)। অনেক কথার ভিড়ে একটা কথা বলেছিল সালমান, মৌসুমীর অনেক ভালো থাকার কথা। আরেকটি শেষ কথা বলেছিল সালমান, আমি যেদিন থাকবো না সেদিন আপনারা বুঝবেন আমি কি ছিলাম।
আমি সেদিন সত্যিই তোর শেষ কথাটি বুঝিনি। বুঝলে তোকে ছাড়তাম না এবং ঐদিন রাতে ঘুমাতাম না সারা রাত তোকে নিয়েই থাকতাম। বুঝিনি বলেই ঘুম থেকে উঠে শুনি তোর মৃত্যুর সংবাদ। জুম্মার নামাজও পড়তে পারিনি সেদিন। মৌসুমীর গর্ভে তখন ফারদিন। ফেরুয়ারীর ২ তারিখে ফারদিনের বয়স হবে ২১ বছর। ফারদিন মাঝে মাঝে বলে "ইস" চাচ্চুকে যদি একটু দেখতে পেতাম!
আজো সালমানের কথা মনে হলে আমি আর মৌসুমী মনের গভীরে নীরবে কাঁদি, চোখের পানি ফেলি আর মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে বেহেস্ত নসিব করেন।
তুই যেখানেই থাক শান্তিতে থাক, তোর জন্য আমার মৌসুমীর ও তোর ভক্তদের দোয়া রইল।
বুধবার নিজের ফেসবুকে অমর নায়ক সালমান শাহকে স্মরণ করে এ স্ট্যাটাসটি লিখেছেন জনপ্রিয় নায়ক ওমর সানী।
বাংলা চলচ্চিত্রের বৃহৎ নক্ষত্র শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহ’র প্রয়াণ দিবস আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান জনপ্রিয় এ নায়ক। রেখে যান অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।
সিনেমা জগতে মাত্র তিন বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছিলেন তিনি। রহস্যজনক মৃত্যুর ২১ বছর পেরিয়ে গেলেও এখনো জানা সম্ভব হয়নি এর আসল কারণ। অপমৃত্যু না হত্যাকাণ্ড এখনো রয়েছে ধোঁয়াশা?
মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপি দোয়া, মিলাদ, কোরআন খতম ও সালমানের রহস্যজনক মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে তার পরিবার ও সালমান শাহ ঐক্য পরিষদ।
এইচএম




