যেমন আছেন এক সময়ের আলোচিত নায়ক মাহমুদ কলি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১২ আগস্ট ২০২৩ , ০১:০৫ পিএম


মাহমুদ কলি

ঢাকাই চলচ্চিত্রের স্বর্ণালি যুগের আলোচিত নায়ক মাহমুদ কলি। আশির দশকে সামাজিক-রোমান্টিক-ফ্যান্টাসি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই তারকা। কিন্তু সেই মাহমুদ কলিকে এখন আর কোথাও দেখা যায় না। না রূপালি পর্দায়, না টেলিভিশনের কোনো অনুষ্ঠানে, না অভিনয় জীবনের কর্মস্থল এফডিসিতে।

বলা যায়, চলচ্চিত্র থেকে অনেকটা দূরে সরে রয়েছেন মাহমুদ কলি। তবে বর্তমানে কোথায়, কেমন আছেন আলোচিত এই হিরো?  

জানা গেছে, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে একাধিকবার শিল্পীদের নেতৃত্ব দিয়েছেন মাহমুদ কলি। ব্যক্তিগত ব্যস্ততার কারণে নব্বই দশকের মাঝামাঝিতে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ব্যবসার জগতে পা রাখেন এই নায়ক। এর কিছুদিন পর চলচ্চিত্রের মানুষেরা তাকে আবার ডেকে আনেন নেতৃত্ব দেওয়ার জন্য। তখন শিল্পী সমিতির হাল ধরেন তিনি। পরে অবশ্য নেতৃত্ব থেকেও সরে দাঁড়ান তিনি।

তবে গণমাধ্যমে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে মাহমুদ কলি বলেন, বর্তমানে যারা চলচ্চিত্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত, তারা ভেতরের ব্যাপারটা জানবে, সবার সঙ্গে যোগাযোগ করতে পারবে, তাদেরই আসলে নেতৃত্ব দেওয়া উচিত। আর ব্যক্তিগত কিছু কারণে চলচ্চিত্রে অভিনয় থেকে অব্যাহতি নেই আমি। কারণ, অভিনয় ছেড়ে দিয়ে বেশ কয়েক বছর হলো অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আসলে দুই দিকে সময় দিতে গেলে ভালোভাবে পারব না বলেই মূলত সরে দাঁড়াই।

মাহমুদ কলি

অভিনয় থেকে বিদায় নেওয়ার পর একসময় দলীয় রাজনীতি করতেন মাহমুদ কলি। যদিও এখন ওই প্রসঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। ব্যক্তিগত জীবন নিয়েও তেমন খোলামেলা নন। একটু ঢেকে রাখতেই পছন্দ করেন তিনি। 

মাহমুদ কলি আরও বলেন, বর্তমানে ব্যবসা নিয়েই দিন কাটে তার। পারিবারিকভাবেই ব্যবসা ছিল তাদের। সেই ব্যবসার সঙ্গে নিজস্ব ব্যবসা যোগ করে এখন পুরোদস্তুর ব্যবসায়ী তিনি। তবে মাঝে মধ্যে ভক্তদের সঙ্গে দেখা যে সম্মান তিনি পান তাতে  ভীষণ ভালো আনন্দিত হন তিনি।   

তিনি বলেন, এটা পৃথিবীর নিয়ম যে আমরা আসব, কিছুদিন থাকব, একদিন চলে যাব। এ জন্য একে অপরকে জায়গা দিতে হয়। আমি চলচ্চিত্রে ছিলাম। হয়তো আমি একটু আগেই চলে এসেছি। আমি যত দিন ছিলাম, সুখী ছিলাম। যতটুকু করার ছিল, করেছি। চলচ্চিত্র শিল্পের মানুষের উপকার করার, দর্শকদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আমি সন্তুষ্ট।

পৃথিবীতে যে কটা দিন থাকা যায়, মানুষের উপকার করে, নিজের পরিবার, আশপাশের সবার জন্য যদি কাজ করা যায়, তবে ভালো। আমার জীবনে চাহিদা ছিল অল্প। যতটুক পেয়েছি, তাতে আমি সুখী।

মাহমুদ কলির গ্রামের বাড়ি ফেনীতে। অভিনেতার জন্ম, বেড়ে ওঠা সব ঢাকায়। বর্তমানে তার একমাত্র মেয়ে বিদেশে পড়াশোনা করছেন। 

উল্লেখ্য, মাহমুদ কলি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘মতিমহল’, ‘তুফান’, ‘বাদল’, ‘নওজোয়ান’, ‘নবাবজাদী’, ‘টক্কর’, ‘হিম্মতওয়ালী’, ‘গোলমাল’, ‘নাগমহল’, ‘নিশানা’, ‘ধনীগরীব’, ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘দেশ বিদেশ’, ‘নেপালি মেয়ে’ প্রভৃতি।    

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission