
দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ নিয়ে এখন সরগরম সিনেমাপাড়া। দেশজুড়ে শতাধিক সিনেমা হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে। দর্শকের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে ছবিটি। চলতি বছরের সবচেয়ে সাড়া জাগানো চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’।
ছবিটির নির্মাতা দীপংকর দীপন আরটিভি অনলাইনকে জানালেন, ২০১৯ সালে মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’ এর সিক্যুয়াল। ‘ঢাকা অ্যাটাক এক্সট্রিম’ নামের নতুন ছবিটিতে থাকবে নতুন চমক। সেই ছবিটিও হবে পুলিশি-অ্যাকশন থ্রিলার।
দীপন বলেন, গল্প চূড়ান্ত হলে চরিত্রের প্রয়োজন ও শিল্পীদের শিডিউল মিলিয়ে অভিনয়শিল্পী চূড়ান্ত করা হবে। তবে প্রাথমিকভাবে ইচ্ছা আছে টিমটা যেন একই থাকে।
গত ৬ অক্টোবর মুক্তি পায় ‘ঢাকা অ্যাটাক’। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটির মূল ভাবনা ও কাহিনী লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম ইউনিট) সানী সানোয়ার।
যৌথভাবে প্রযোজনা করেছে- স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি-হুইলারস লিমিটেড। বাংলাদেশ ছাড়াও কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরো কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পাবে।
অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, এবিএম সুমন, নওশাবা, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান, মোহাম্মদ আলী হায়দার, নিকোল মন্ডল। বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, আলমগীর ও শিপন মিত্র।

পরিচালক দীপংকর দীপন বলেন, ‘ঢাকা অ্যাটাক যেভাবে মানুষ গ্রহণ করেছে; তাতে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। ‘ঢাকা অ্যাটাক এক্সট্রিম’- এ চেষ্টা করবো ভালো কিছু করতে।
পিআর/এসজে




