
সাবেক মিস ইউনিভার্স ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ ‘তালি’। যেখানে রূপান্তরকামী অ্যাক্টিভিস্ট শ্রীগৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করে দারুণ প্রসংশিত হচ্ছেন তিনি।
তবে ক্যারিয়ারের শুরুর দিকে সুস্মিতাকে নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘ম্যায় হুঁ না’ সিনেমার সেটে নির্মাতা ফারাহ খান তার কাছে ক্ষমা চেয়েছিলেন। এতদিন পর অবশেষে ঘটনাটি প্রকাশ্যে আনলেন সুস্মিতা।
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ না’ সিনেমায় কিং খানের বিপরীতে অভিনয় করেছিলেন এই বঙ্গললনা। ছবিতে তার চরিত্রের নাম ছিল চাঁদনি। চরিত্রটি ছোট হলেও বেশ সুন্দর এবং ক্ষমতাশালী একটি চরিত্র ছিল।
সুস্মিতা বলেন, ফারাহ খান নাকি সিনেমাটি সম্পাদনার সময় আমার কাছে ক্ষমা চেয়েছিলেন।
যদিও দর্শকরা এই চরিত্রটাকে এত ভালোবাসা দিয়েছিলেন যে প্রাথমিকভাবে ছবির পোস্টারে শাহরুখ, অমৃতা রাও এবং জায়েদ খানের ছবি থাকলেও সিনেমা মুক্তির পর শাহরুখের পাশাপাশি চর্চায় উঠে আসেন সুস্মিতা সেনও।
এই অভিনেত্রী আরও বলেন, ফারাহ খান আমায় ফোন করেন এবং বলেন সুস আমি চূড়ান্ত সম্পাদনা দেখেছি। তোমার কাছে ক্ষমা চাইছি কারন, শাহরুখ ছাড়া অমৃতা ও জায়েদের চরিত্রটা বেশি দেখানো হলেও তোমাকে সেই অর্থে দেখানো যায়নি।
তখন সুস্মিতা ফারাহকে আপত্তি না জানিয়ে বলেন, সিনেমার চুক্তি অনুযায়ী তুমি তোমার কথা রেখেছ, আমি আমার কথা রেখেছি। এটা নিয়ে ভাবার কিছু নেই।
কিন্তু সিনেমা মুক্তির পর দর্শকের কাছে সুস্মিতার গ্রহণযোগ্যতা এতোটাই বেড়ে যায় যে, ‘ম্যায় হু না’ সিনেমার পোস্টারে শুধুই শাহরুখ এবং সুস্মিতাকেই দেখা যায়। এই ঘটনা শেয়ার করে সুস্মিতা বলেন, এই ঘটনা আমাকে এটাই শিক্ষা দিয়েছে যে। চরিত্র যতোই ছোট হোক না কেন, যদি সেটা যথাযথ হয়, তাহলে দর্শকের রায়ই চূড়ান্ত।




