
ছোট পর্দার নিয়মিত মুখ সাবিলা নূর। বর্তমানে গল্প-নির্ভর কাজ করছেন অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও। ইতোমধ্যেই নিজের সাবলীল বাচনভঙ্গিতে নজর কেড়েছেন দর্শকদের। সংসারের পাশাপাশি অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এসবের বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব আছেন সাবিলা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানান তিনি অসুস্থ। তবে এতেই ঘটে বিপত্তি। এক নেটিজেনের মন্তব্যের দ্বারা কটাক্ষের শিকার হতে হয় তাকে।
ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন সাবিলা। সেখানে দেখা গেছে, হাতে স্যালাইন। চোখ বন্ধ করে আছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি দোয়া চান সবার কাছে। তবে ঠিক কী রোগে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি।

সেই পোস্টের নিচে একজন কমেন্ট করেছেন, ‘চিন্তা করবেন না। সুস্থ হয়ে উঠবেন। এটা ব্যাংককের প্রভাব। এ ধরনের মন্তব্যে বা কটাক্ষের কারণে পাল্টা জবাব দিয়েছেন সাবিলা।
মন্তব্যের জবাবে তিনি লেখেন, আমি বৃহস্পতিবার (২৪ আগস্ট) ব্যাংকক থেকে ফিরেছি। যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে আছে, তখন কীভাবে বলতে পারলেন যে একটি শুটিং ট্রিপ আমার অসুস্থতার কারণ? বুঝতে পারছি, আপনার এই শব্দগুলোর পেছনে খুব খারাপ কিছু লুকিয়ে আছে। কিন্তু জেনে রাখুন, যদি আপনি কাউকে ভালো কিছু না বলতে পারেন, তবে সবাইকে কিছু না বলাই ভালো আপনার জন্য।

সাবিলার এমন জবাবে ভক্তরা বেশ খুশি এবং প্রশংসা করছেন।




