
বর্তমান সময়ে শোবিজের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত করছেন নিজেদের। পার্লার ব্যবসা, স্টেশনারী শপ, খাবারের দোকানসহ নানান ব্যবসার সঙ্গে নিজেদের নাম লিখাচ্ছেন নায়ক-নায়িকারা। ঠিক তেমনই কিছুর ইঙ্গিত পাওয়া গেলো অভিনেত্রী অরুণা বিশ্বাসের একটি পোস্ট দেখে।
রোববার (১৯ নভেম্বর) অরুণা বিশ্বাস তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন আর ক্যাপশনে লিখেন, সবাই এখন ব্যবসা নিয়ে ব্যাস্ত, সম্পর্কগুলো এখন অঙ্কের মতো হয়ে গেছে। তাই আমিও শুরু করলাম, ট্রেন্ড বলে কথা।
এই অভিনেত্রীর এমন পোস্ট দেখার পর অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। বিষয়টি নিয়ে আরটিভির সঙ্গে অরুণা বিশ্বাসের কথা হলে তিনি বলেন, আসলে সবাই যেমন ভাবছে তেমন কিছুই না। আসলে আমি আমার গ্রামের বাড়িতে এসেছিলাম। সেখানে বেশ কিছু কাজ ছিলো। আর ওই দোকানে বসেই আসলে কাজগুলো শেষ করে এলাকার সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়েছি।

প্রসঙ্গত, অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’মুক্তি পাচ্ছে শুক্রবার (৩ নভেম্বর)। প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমে ঠাঁসা বুনোট গল্পের আটসাঁটের সিনেমা ‘অসম্ভব’। সরকারি অনুদানের এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন গাজী আব্দুন নূর ও সোহানা সাবা। আরও আছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ, যাত্রা সম্রাজ্ঞীখ্যাত জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে।
বাংলা সিনেমার অভিনেত্রী অরুণা বিশ্বাস। সাংস্কৃতিক পরিবারে বেড়ে ওঠা এ অভিনেত্রী নিজের মেধা আর দক্ষতা দিয়ে জয় করে নেন বাংলা চলচ্চিত্রের দর্শকের মন। নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লিখেছিলেন তিনি। এরপর কাজ করেছেন অনেক সুপারহিট সিনেমায়। চলচ্চিত্রে কাজের আগে তিনি কাজ করেছেন মঞ্চ ও টিভি নাটকে।




